নেটফ্লিক্সের বেশ জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’। রানী দ্বিতীয় এলিজাবেথ ও ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের দীর্ঘ জীবন ও রাজত্বের নানা দিক এ সিরিজে তুলে ধরা হয়। রানী এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি সম্মান দেখিয়ে দ্য ক্রাউনের ষষ্ঠ সিজনের নির্মাণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সাল থেকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত যুক্তরাজ্যের রানী ছিলেন। মৃত্যুর পর তার পুত্র ৭৩ বছর বয়সী চার্লস তৃতীয় রাজা হচ্ছেন। ২০১৬ সালে নেটফ্লিক্স দ্য ক্রাউন প্রচার শুরু করে, যা এর মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও এর তৃতীয় সিজন দেখে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলেছে। শোটির নির্মাতা পিটার মরগ্যান এর ষষ্ঠ সিজনকে সর্বশেষ সিজন ঘোষণা করে একটি আলোচনায় বলেন, ‘দ্য ক্রাউন ছিল রানীর প্রতি আমার প্রেরিত একটি সম্মাননা বার্তা। তার মৃত্যুতে আমি আর সে চিঠিতে কিছু যোগ করতে চাই না। এখন কেবলই নীরবতা আর সম্মান প্রদর্শন। আমার মনে হচ্ছে, আমরা এর শুটিং আর করছি না। উল্লেখ্য, রানীর শাসনের একেক দশক নিয়ে শোটির প্রতিটি সিরিজ সাজানো হয়েছে। এ বছর এর পঞ্চম সিজন মুক্তি পাওয়ার কথা ছিল।’

সিরিজটির সিজন এক ও দুইয়ে অভিনয় করার মাধ্যমে ক্লের ফয় রাতারাতি বিখ্যাত হয়ে যান। এরপর তৃতীয় ও চতুর্থ সিজনে আসেন ওলিভিয়া কোলম্যান। প্রধান চরিত্রে ইমেলডা স্টাউনটনের অভিনয়ের মাধ্যমে ষষ্ঠ সিজনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এ সিরিজে ডোমিনিক ওয়েসট কিং চার্লস তৃতীয় এবং এলিজাবেথ ডেবিকি ডায়ানার চরিত্রে অভিনয় করবেন।

অবশ্য রানীর মৃত্যু ও তত্পরবর্তী বিষয়াবলি কীভাবে দেখানো হবে তা নিয়ে নেটফ্লিক্সের নিজস্ব পরিকল্পনা ছিল। তারা অপারেশন লন্ডন ব্রিজের নিজস্ব ভার্সন তৈরি করেছিল। এতে মূলত রানীর মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার ঘটনাবলি চিত্রায়ণ করার পরিকল্পনা ছিল। রানীর মৃত্যুতে এখন অবশ্য সিনেমা নির্মাণকারী দলটি এক সপ্তাহের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শোটির নির্মাণকালে পরিচালক মর্গ্যান ২০০২ সাল পর্যন্ত রানীর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সিরিজে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন। সম্প্রতি তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এখন ২০০৫ সাল পর্যন্ত রাজপরিবারের ঘটে যাওয়া ঘটনা সিনেমায় উঠে আসবে। উল্লেখ্য, সে বছর চার্লস ক্যামিলা পার্কারকে বিয়ে করেন।

সিরিজটি বন্ধ হতে পারে এমন একটি ধারণাও অনেকের ছিল। কেননা গল্পের গতি হঠাৎ করে বদল করা যায় না। তবে নেটফ্লিক্স এ সিরিজ বন্ধ করবে না। শোয়ের নির্মাতা স্টেফান ড্যালড্রি রানীর মৃত্যু ও সিরিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘মৃত্যুর সময় কখন আসবে তা কি আমাদের কারো জানা আছে। রানীর প্রতি সম্মান প্রদর্শন করে কিছুদিন তাই শুটিং বন্ধ রাখা হচ্ছে।’

 

সূত্র: ভ্যারইটি ও দি ইন্ডিয়ান এক্সপ্রেস