স্টিভেন স্পিলবার্গের দ্য ফেবলম্যানস এবারের অস্কার আসরে সেরা সিনেমার পুরস্কার প্রত্যাশী। ৭৬ বছর বয়সেও স্পিলবার্গ নিয়মিত সিনেমা নির্মাণ করছেন। এর জন্য এবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল তাকে আজীবন সম্মাননা দিয়েছে। পুরস্কার হাতে তিনি বলেন, ‘‌ ছেলেবেলায় সিনেমা আমাকে যে আবেগে ভাসিয়েছিল, পরবর্তী সময়ে সে আবেগই আমাকে প্রতিনিয়ত তাড়িত করেছে।’

স্পিলবার্গের অস্কারজয়ী সিনেমা শিন্ডলার’স লিস্ট। এ সিনেমায় ইহুদিদের ওপর চালানো নাৎসি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন তিনি। সে কারণে জার্মানির রাজধানী থেকে আজীবন সম্মাননা লাভ তার মতো একজন ইহুদি পরিচালকের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এর আলাদা তাৎপর্য আছে। কারণ আমি একজন ইহুদি পরিচালক। আমার বিশ্বাস করতে ভালো লাগে, ছোট মুহূর্তটি ইতিহাসের ক্ষতগুলো সারাতে চলমান প্রক্রিয়ার একটি অংশ।’

জার্মানদের প্রসঙ্গে তিনি বলেন, ‘জার্মানরা তাদের দেশের ইতিহাস পাঠে আগ্রহ দেখিয়েছে। ইহুদি বিরোধিতা, ধর্মান্ধতা, জেনোফোবিয়া ইত্যাদির মোকাবেলা করতে তারা প্রস্তুত। এগুলো হলো ধ্বংসযজ্ঞের মূল নিয়ামক। ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতা দখল করতে না পারে সে ব্যাপারে কাজ করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। আমার নিজের দেশসহ অন্যান্য দেশ তাদের থেকে অনেক কিছু শিখতে পারে।’

আজীবন সম্মাননা প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, ‘আজীবন সম্মাননার কথা শুনে আমি কিছুটা আতঙ্কগ্রস্ত হয়েছি। কারণ আমি এখনো ফুরিয়ে যাইনি। আমি কাজ করে যেতে চাই। আমি প্রতিনিয়ত শিখতে চাই। আবিষ্কার করতে চাই। নিজেকে আমি প্রবল ধাক্কা দিতে চাই এবং কখনো আপনাদেরও।’ 

বার্লিন চলচ্চিত্র উৎসবে স্টিভেন স্পিলবার্গের হাতে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন আইরিশ রকস্টার বোনো। কিংবদন্তি নির্মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আজ রাতে আপনারা স্টিভেন স্পিলবার্গকে গোল্ডেন বিয়ারে ভূষিত করছেন। এটি যথার্থ। কিন্তু তার সারা জীবনের অর্জন কেবল তার কাজগুলো নয়, তার নিজের জীবন ও পরিবারও এর অন্তর্ভুক্ত। স্টিভেন স্পিলবার্গের মতো স্বপ্নচারীকে মঞ্চে আমন্ত্রণ জানানো সৌভাগ্যের ব্যাপার।’

বোনোর মতো একজন রকস্টারের হাত থেকে স্পিলবার্গের পুরস্কার নেয়ার বিষয়টি দর্শকদের জন্য রোমাঞ্চকর। সংগীত ও সিনেমা দুনিয়ায় দুজনই কিংবদন্তি। মঞ্চে বোনো স্পিলবার্গের বেশ কয়েকটি সিনেমার নাম উল্লেখ করেন। তবে বিশেষভাবে ১৯৭৪ সালের ক্রাইম ড্রামা সুগারল্যান্ড এক্সপ্রেসের কথা বলেন। তার সিনেমা দেখার দিনগুলোয় এটি বিশেষ স্থান অধিকার করেছিল বলে জানান ইউ টু ব্যান্ডের এ ভোকাল। 

সূত্র: ডেডলাইন