চলতি বছরের ফেব্রুয়ারিতে পরপারে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। তবে তার ভক্তদের জন্য সুখবর হচ্ছে ফের এ সংগীতশিল্পীকে তারা দেখতে পাবেন ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘মাসাবা মাসাবা সিজন টু’র মধ্য দিয়ে। আগামীকাল নেটফ্লিক্সের আসন্ন সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পাবে, যাতে প্রয়াত সংগীতশিল্পীসহ অনেক বিশিষ্ট তারকা ক্যামিও ভূমিকায় রয়েছেন।

সিরিজটির মধ্য দিয়ে ফের পর্দায় দেখা যাবে একসঙ্গে মা-মেয়ের জুটি নীনা গুপ্তা ও মাসাবা গুপ্তাকে। এর একটি বিশেষ পর্বে রয়েছেন বাপ্পি লাহিড়ী। সম্প্রতি মা নীনা সামাজিক মাধ্যমে ওয়েব সিরিজটির একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বাপ্পি লাহিড়ীর সঙ্গে রয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এবারের সিজনে অনেক ক্যামিও থাকছেন, তবে বাপ্পি লাহিড়ী সবার থেকে আলাদা।’ সোনম নায়ার পরিচালিত এবং ভিনিয়ার্ড ফিল্মস প্রযোজিত, দ্বিতীয় মৌসুমে নীল ভুপালাম, রিতশা রথোর, কুশা কাপিলা, কারিমা ব্যারি, বরখা সিং ও আরমান খেরাও থাকছেন। এবারের সিজনে ট্রেলার প্রকাশিত হতেই ভোক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। মাসাবাকে ফ্যাশনজগতে আধিপত্য বিস্তারে প্রস্তুতি নিতে দেখা যাবে। প্রচলিত ভাবধারাকে তুড়ি মেরে উড়িয়ে এ সিজনে আরো নতুন চমক রেখেছেন মা-মেয়ে জুটি।

৬৯ বছর বয়সী এ শিল্পী এক মাস ধরে একাধিক স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান উপমহাদেশের প্রখ্যাত এ সংগীতশিল্পী ও সুরকার। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া রোগে তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। মৃত্যুর মাত্র দুদিন আগে নিজের একটি পুরনো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এ কিংবদন্তি। ক্যাপশনে ইংরেজিতে লিখেছিলেন ‘ওল্ড ইজ গোল্ড’। এটিই ছিল সামাজিক মাধ্যমে তার শেষ পোস্ট। বাপ্পি লাহিড়ী ভারতীয় চলচ্চিত্র সংগীতের অন্যতম প্রভাবশালী অভিভাবক ছিলেন। ১৯৮০ ও ৯০-এর দশকে ডিস্কো ড্যান্সার, ড্যান্স ড্যান্স, চলতে চলতে ও নমক হালালের মতো চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী ভক্তদের কাছে ‘বাপ্পিদা’ নামেই পরিচিত ছিলেন। সর্বশেষ ২০২০ সালের বাঘি থ্রি সিনেমার জন্য ‘ভাঙ্কাস’ গানটি রচনা করেছিলেন প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী।

 

সূত্র: ইয়ন