বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির অবিচ্ছেদ্য নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ২৫ বৈশাখ এলেই বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলে তৈরি হয় বিশেষ আবহ। কবিগুরুর জন্মজয়ন্তী শুধু একটি স্মরণ দিবস নয়, এটি বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়েরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই প্রতি বছরের মতো এবারো রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। গান, নাটক, কবিতা, নৃত্য, আলোচনা ও শিশুতোষ আয়োজনের মধ্য দিয়ে ছোট-বড় সব দর্শকের কাছে নতুনভাবে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টিজগৎ।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবারো আয়োজন করেছে বৈচিত্র্যময় অনুষ্ঠান। ২৫ বৈশাখ (৮ মে ২০২৬) সকালেই শুরু হবে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান দিয়ে, যেখানে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা থাকবে। সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রসংগীত অনুষ্ঠান। অনুষ্ঠানে রবী ঠাকুরের বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় নয়টি গান পরিবেশন করবেন দেশের একঝাঁক রবীন্দ্রসংগীতশিল্পী। গাইবেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, মেজবাউল আজম, অনিমা রায়, নির্ঝর, মেহনাজ, মহুয়া মঞ্জরি সুনন্দা ও মিলন দেব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা এবং উপস্থাপনা করবেন তানজিনা তমা।
সন্ধ্যা ৬টায় থাকবে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে আসবে কবিগুরুর জীবন ও সাহিত্যচিন্তার নানা দিক। রাত ৯টায় দেখানো হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সম্পত্তি সমর্পণ’। এছাড়া রাত ১১টায় প্রচারিত হবে বিখ্যাত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আইও। দিনজুড়ে চ্যানেলটির পর্দায় থাকবে রবীন্দ্রসংগীত, কবিতা ও বিশেষ আলোচনা। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ আয়োজন ‘রবীন্দ্রনাথ: প্রজন্ম থেকে প্রজন্মে’। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী ও নুসরাত সায়েম। এটি রাত ১টায় আবার পুনঃপ্রচারিত হবে।
বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘স্ত্রীর চিঠি’। এতে অভিনয় করেছেন সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নূর আলম নয়ন ও সুচনা শিকদার। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও তুমি এসে কাছে’।
অন্যদিকে শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিও সাজিয়েছে বিশেষ আয়োজন। সকাল ৭টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক ‘তাসের দেশ’। ছোটদের সংগঠন ‘ফুলকি’র অংশগ্রহণে নাটকটি নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সংগীত পরিচালনা করেছেন সোমা রায়। সকাল ৯টা ৩০ মিনিট ও বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘মেঘের কোলে রোদ হেসেছে’। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেছে দুরন্তর শিশুশিল্পীরা। বেলা ২টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে ‘রবির কিরণ’, যেখানে কবিগুরুর বিখ্যাত কবিতার নাটকীয় উপস্থাপনা করবে ‘কল্পরেখা’র শিশুশিল্পীরা। এছাড়া সকাল ৯টায় থাকবে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’।
এদিকে মাছরাঙা টেলিভিশনও রেখেছে ভিন্নধর্মী আয়োজন। রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সমাপ্তি’। নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীর ভূমিকায় অভিনয় করেছেন সাবিলা নূর ও অপূর্ব চরিত্রে দেখা যাবে সজলকে। এছাড়া রাত ১১টা ৩০ মিনিটে ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী লায়সা আহমেদ লিসা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শঙ্কর দাস।
প্রতিটি চ্যানেলই তাদের নিজস্ব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনকে পৌঁছে দেয়ার চেষ্টা করছে। গান, নাটক, কবিতা আর নৃত্যের মধ্য দিয়ে দর্শক আবারো ফিরে যাবে রবীন্দ্রনাথের চিরন্তন সৃষ্টির জগতে। বিশেষ করে শিশুকিশোরদের অংশগ্রহণে নির্মিত অনুষ্ঠানগুলো দর্শকের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে।










