আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলো কথাসাহিত্যিক আহমদ বশীর রচিত ‘বাংলাদেশের চলচ্চিত্র: দেশ, কাল ও শিল্পরূপ’ (২০২৩) শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াৎ, গবেষক কাজল রশীদ শাহীন, গবেষক মীর শামছুল আলম বাবু, শিক্ষক শাকিরা পারভীন ও সম্পাদক ফয়সাল আহমেদ।
আহমদ বশীর বাংলাদেশের একজন সমসাময়িক ঔপন্যাসিক ও ছোটগল্পকার। এ পর্যন্ত তিনি পাঁচটি উপন্যাস, কয়েকটি ছোটগল্পের সংকলন ও শিশুতোষ বই রচনা করেছেন। দেশের মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-যন্ত্রণা, উদ্বেগ, আবেগ এবং কষ্টের বর্ণনা তার কথাসাহিত্যগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য। তার প্রথম ছোটগল্পের বই, ‘অন্য পটভূমি’ ১৯৮১ সালে প্রকাশ হয়, যা সে বছরের হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার লাভ করেছিল। ১৯৮৭ সালে বাংলা একাডেমির মাসিক পত্রিকা উত্তরাধিকারে প্রকাশ হয় তার প্রথম উপন্যাস। ১৯৮৭ সালে বাংলা একাডেমি তার অনুবাদ বই ফরাসি ঔপন্যাসিক জুল ভার্নের বিশ্ববিখ্যাত উপন্যাস ‘৮০ দিনে বিশ্বভ্রমণ’ প্রকাশ করে, যা সম্প্রতি আরেকজন প্রকাশক পুনঃপ্রকাশ করেছেন। আহমদ বশীর রচিত অন্য বইগুলো হলো: ‘তিথিডোর: মুক্তিযুদ্ধের একটি উপন্যাস হতে পারত’ (২০১৬), ‘মুদ্রারাক্ষস’ (২০১৯), ’স্বাধীনতার পরের পরাধীনতা’ (২০১৫) ও ‘ত্রিশঙ্কু’ (২০২৪)।
‘বাংলাদেশের চলচ্চিত্র: দেশ, কাল ও শিল্পরূপ’ (২০২৩) সম্প্রতি প্রকাশিত তার একটি বই, যেখানে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে চলচ্চিত্রের প্রভাবকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। দেশের চলচ্চিত্রের কালানুক্রমিক বিকাশ বর্ণনা করে তিনি বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান চালিয়েছেন। বিশেষ করে গত কয়েক দশকে মাধ্যমটি যে সামাজিক প্রেক্ষাপট ধারণ করেছে এবং সামগ্রিকভাবে জাতীয় সংহতি ও মূল্যবোধ সৃষ্টিতে অবদান রেখেছে, সেখানে আলো ফেলেছেন।










