দেশের অন্যতম নাট্যদল ‘থিয়েটার’। তাদের দর্শক জনপ্রিয় মঞ্চনাটক পোহালে শর্বরী। আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটির মঞ্চায়ন করা হবে। 

হিন্দি ভাষার সাহিত্যিক সুরেন্দ্র বর্মার রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার ও সংযুক্ত নির্দেশনায় আছেন ত্রপা মজুমদার।

নাটকটি প্রসঙ্গে পোহালে শর্বরীর নির্দেশক রামেন্দু মজুমদার জানান, বিষয়বস্তুর জন্যই এ নাটক মঞ্চে আনতে উৎসাহিত হয়েছে থিয়েটার। অন্যদিকে নাট্যকার অংশুমান ভৌমিক পোহালে শর্বরী নিয়ে জানান, হিন্দি ভাষায় লেখা সুরেন্দ্র বর্মার নাটকটির বয়সও ৫০ হয়েছে এ বছর। ১৯৭২ সালে মারাঠি ভাষায় এ নাটকের প্রথম প্রযোজনা করেছিলেন অমল পালেকর। পরে হিন্দিতে ন্যাশনাল স্কুল অব ড্রামার রেপার্টরি কোম্পানির জন্য রাম গোপাল বাজাজ তিনবার নির্দেশনা দিয়েছেন। 

নাটকের গল্প নিয়ে অংশুমান ভৌমিক জানান, প্রায় দেড় থেকে দুই হাজার বছর আগেকার সময়ের এক গল্প নিয়ে তৈরি হয়েছে পোহালে শর্বরী। এক রাজবংশে উত্তরাধিকারের সংকট দেখা দেয়। সংকট মোকাবেলায় নারীর ইচ্ছার কোনো মূল্য না দিয়ে তাকে কেবল সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে বিবেচনা করা হতো—এমন পরিস্থিতিকেই দেখানো হয়েছে এ নাটকে। এর সঙ্গে রাজনীতির কূটকৌশল, জীবনের নানা সমস্যাও দেখানো হয়েছে। 

নাটকটির পোশাক পরিকল্পনা করছেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। এছাড়া মঞ্চ, আলো ও সামগ্রী পরিকল্পনায় পলাশ হেন্ড্রি সেন, আবহ সংগীত পরিকল্পনায় তানভীর আলম সজীব, কোরিওগ্রাফি পরিকল্পনায় স্নাতা শাহরীন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।

২০২২ সালে পোহালে শর্বরী নাটকটি মঞ্চে আনে থিয়েটার নাট্যদল। এর পর থেকেই একের পর এক শো করছে তারা। চলতি বছর এটাই এ নাটকের প্রথম মঞ্চায়ন।