একালে মাল্টিপ্লেক্সের আধিপত্য। কিন্তু সেই ষাট-সত্তর দশকে বলিউডে রাজত্ব করেছে সিঙ্গেল স্ক্রিন। আর সিঙ্গেল স্ক্রিনের যুগে রাজত্ব করেছেন এক একজন স্টার। স্ক্রিনের সঙ্গে স্টারের ছিল নিবিড় যোগাযোগ। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী আলাদা আলাদা স্ক্রিনের জন্য পরিচিত ছিলেন। আসলে তাদের নামের সঙ্গে জুড়ে গিয়েছিল একেকটা হলের নাম। যেমন মিনা কুমারীর সঙ্গে জগৎ, রাজ কাপুরের রিগ্যাল, দিলীপ কুমারের গোলচা ও নভেলটি। সেকালে স্টারকে দেখার জন্য এসব সিনেমা হলের সামনে ভক্তরা জড়ো হতো। স্টাররাও এসব হলে গিয়ে সিনেমার অবস্থা পর্যবেক্ষণ করতেন। সে সময়ে এটি একটি সংস্কৃতি হয়ে উঠেছিল।

মিনা কুমারীর বহু বেগম সিনেমাটি মুক্তির ২০ বছর পর আবার ফিরেছিল সিঙ্গেল স্ক্রিনে। বেশির ভাগই ছিল সকালের শো। এটি ১৯৭০ সালে জগৎ সিনেমায় মুক্তি পায়। এরপর আশির দশকের শুরুতে সিনেমাটির একাধিক পুনঃপ্রচার হয়েছিল। প্রতিবারই এ ছবি ভালো ব্যবসা করে। এর অন্যতম কারণ জগৎ সিনেমায় মিনা কুমারী কিংবদন্তির মর্যাদা পেয়েছিলেন। তার ভক্তরা সপ্তাহের পর সপ্তাহ ধরে সিনেমাটিকে বাঁচিয়ে রেখেছিলেন। মিনার মৃত্যুর এক যুগ পরেও দেখা গিয়েছে, জগৎ থেকে বেরিয়ে তার ভক্তরা গাইছে হাম ইন্তেজার করেঙ্গে তেরা কায়ামত তক। গানটি বহু বেগম সিনেমারই। সিনেমাটি প্রথম মুক্তি পেয়েছিল ১৯৬৭ সালে।

বলিউডের ক্ষেত্রে পুরুষ প্রাধান্যের একটি অভিযোগ আছে। এখানে নায়করাই স্টারডম পেয়ে আসছেন। কিন্তু সেখানে মিনা কুমারী ছিলেন আলাদা। দিল্লির জগৎ সিনেমায় মিনা কুমারীর সিনেমার চলমানতা দেখে অন্তত তা বলা যায় না। জগতে মিনা কুমারীর পাকিজা মুক্তি পায় ১৯৭২ সালে। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ফুল অউর কাটে সিনেমার সিলভার জুবিলি করেছিল। সিলভার জুবিলিতে নায়ক-নায়িকারা হলে আসেন, এটা এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছিল। সেকালে হলে একটি সিনেমা বহুদিন ধরে চলত। প্রথম সপ্তাহের আয়ের ওপর সিনেমার ভাগ্য নির্ধারণ হতো না। মিনা কুমারী জগতে যেতেন। আর দরিয়াগঞ্জের পথে ভক্তরা তার জন্য অপেক্ষা করত। তিনি তার ভক্তদের হতাশ করতেন না। হল ধরে হেঁটে যেতেন। কেবল হাত নাড়িয়েই ক্ষান্ত থাকতেন না। সময় নিয়ে, ধৈর্য ধরে অটোগ্রাফ দিতেন ভক্তদের।

রাজ কাপুরের জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল রিগ্যাল। সত্তরের দশক শুরু হওয়ার আগ পর্যন্ত রাজ কাপুরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ততদিন পর্যন্ত প্রতিটি সিনেমা মুক্তির পর তিনি একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলতেন। সিনেমাটি কনাট প্লেসের রিগ্যাল ও চাঁদনী চকের মোতি সিনেমায় মুক্তি পেত আর রাজ কাপুর প্রথম দিনের প্রথম শোয়ে হাজির হতেন। রিগ্যালে সিনেমাটি শুরু হতো দুপুরের খানিক আগে। তিনি ভক্তদের দিকে হাত নেড়ে, তাদের কিছু কথা বলে নিজের হলুদ অ্যাম্বাসেডরে চেপে চলে যেতেন মোতি সিনেমায়। সেখানে তার সঙ্গী হতেন কেএ আব্বাস, শঙ্কর-জয়কিশান, হাসরাত জয়পুরী ও রাধু কর্মকার। মোতিতে সিনেমাটি সাড়ে ১২টায় শুরু হতো। ১৯৪৯ সালের বরসাত থেকে শুরু করে ’৭০ সালে তার অভিনীত ও পরিচালিত মেরা নাম জোকার পর্যন্ত প্রতিটি সিনেমার ক্ষেত্রেই এ নিয়ম চালু ছিল।

দিলীপ কুমারের সিনেমা আসত গোলচা ও নভেলটিতে। এর মধ্যে মোগল-এ-আজম সিনেমার প্রিন্ট নভেলটিতে আনা হয়েছিল হাতির পিঠে করে। ১৪ বছর ধরে নির্মাণ করা সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। পরিচালক কে আসিফ এভাবেই সিনেমার রাজকীয় ভাবটি দর্শকের মধ্যে সঞ্চার করেছিলেন। দিলীপের সব সিনেমায়ই হলগুলো গুরুত্বপূর্ণ ছিল। দিলীপের সিনেমাকে কেন্দ্র করে এগুলো নিজেদের জাগিয়ে তুলেছিল। আর হলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন স্ট্রিটফুডের কারবার। যেমন ওই অঞ্চলের ব্রেড পাকোড়া সিনেমার ইন্টারভ্যালে দর্শকদের স্ন্যাকস হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। ষাটের দশকের আগেও এ চর্চা ছিল। এমনকি ১৯৪৯ সালে মেহবুব খান পরিচালিত, রাজ কাপুর ও দিলীপ কুমার অভিনীত আন্দাজ দেখতে লিবার্টি সিনেমার সামনে ভিড় করেছিল দর্শকরা। লিবার্টিতে আশা পারেখও আসতেন।

সিঙ্গেল স্ক্রিন এমন এক বিষয় ছিল যেখানে কেবল অভিনেতা-অভিনেত্রী নন, খোদ প্রধানমন্ত্রীরাও যুক্ত ছিলেন। নির্দিষ্ট সিনেমা হল ছিল তাদের পছন্দের। যেমন জওহরলাল নেহরুর পছন্দ ছিল রিগ্যাল ও সুদর্শন। সুদর্শনের নাম সেকালে ছিল মোহিনী। ইন্দিরা গান্ধীর পছন্দের সিনেমা হল ছিল শিলা। রাজেন্দ্র প্রসাদের যাতায়াত ছিল ডিলাইটে। স্বাভাবিকভাবেই তাদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হতো। স্টারদের মতো তারা জনতার সঙ্গে কথোপকথন করতেন না, কিন্তু তাদের জন্যও আলাদা করে বিখ্যাত হতো হলগুলো।


দ্য হিন্দু অবলম্বনে মাহমুদুর রহমান