দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি পার করে ফেলেছে চার দশক। আজ ৪০ পেরিয়ে ৪১ বছরে পা রাখল। সুদীর্ঘ যাত্রার শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে আগামী রোববার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দীর্ঘ পথচলা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, ‘‌মনে হচ্ছে, এই তো সেদিন জি সিরিজের যাত্রা হয়েছে। দেখতে দেখতে প্রতিষ্ঠানটি ৪০ বছর পূর্ণ করেছে। কীভাবে যে চার দশক চলে গেছে টেরই পাইনি। গত দিনগুলোর মতো আগামী দিনগুলোয়ও দেশের সব গুণী শিল্পীদের নিয়ে কাজ করবে জি-সিরিজ। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যাহত রাখবে। আগের বছরগুলোর মতো আগামী বছরগুলোয়ও সবার অকৃত্রিম ভালবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাব। বর্ষপূর্তিতে আমাদের সব শ্রোতা-দর্শক, শিল্পী-কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।’ নাজমুল হক ভূঁইয়া খালেদ ১৯৮৩ সালে জি সিরিজের যাত্রা করেন।

জি সিরিজের নামকরণের বিষয়টি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি প্রথম বর্ণ ‘জি’-কে গুরুত্ব দিয়েই। এছাড়া গায়া, গ্লোবাল ও গ্রাউন্ড এ শব্দগুলোর প্রথম বর্ণ ‘জি’। প্রতিষ্ঠানটি বাংলা গানের ক্যাসেট বা অ্যালবাম, সিডি, ভিসিডি, মিউজিক ভিডিও প্রকাশনাসহ নাটক, টেলিফিল্ম, সিনেমা ও ভিডিও ডকুমেন্টারির প্রযোজনা-পরিবেশনা করে আসছে।

জি সিরিজ ২০০৬ সালে অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ‘অগ্নিবীণা’ প্রতিষ্ঠা করে। যার নামকরণ হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাগ্রন্থ অগ্নিবীণা থেকে। পরবর্তী সময়ে ‘জি টেকনোলজিস’, ‘রেডিও জি বিডি ডটনেট’ জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে।