বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের অন্যতম শ্রদ্ধেয় ও প্রিয় মুখ ডলি জহুর আজ ৭০ বছরে পা দিলেন। গুণী এই অভিনেত্রী মায়ের ভূমিকায় অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। যদিও এখন চলচ্চিত্রে তাকে খুব বেশি দেখা যায় না, তবু টেলিভিশন নাটকে এখনো সক্রিয় তিনি।

সম্প্রতি তিনি তৌকীর আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন, যা বিটিভিতে প্রচারের অপেক্ষায় রয়েছে। এছাড়া মহিন খানের নির্দেশনায় একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন নিলয় আলমগীর ও হিমি। খুব শিগগিরই মহিন খানেরই আরেকটি নাটকে অভিনয় করবেন বলেও জানিয়েছেন ডলি জহুর।

নিজের জন্মদিনে বিশেষ আয়োজন রাখছেন না এই অভিনেত্রী। রাজধানীর উত্তরায় তিনি একাই থাকেন। একমাত্র ছেলে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করে ডলি জহুর বলেন, ‘দেখতে দেখতে জীবনের অনেক বছর পার করে ফেললাম। আজ সত্তরে পা রাখছি। অভিনয়ই আমার জীবনের একমাত্র কাজ। কখনো সম্মানী নয়, বরং চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলাই আমার চিন্তা ছিল। এ দেশের মানুষের ভালোবাসায় আমি ধন্য। আজীবন অভিনয় করে যেতে চাই, যদিও এখন শরীরটা আগের মতো নেই। সবার কাছে দোয়া চাই, যেন কিছু ভালো কাজ করে যেতে পারি।’

উল্লেখ্য, ২০২১ সালে ডলি জহুর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্যও পেয়েছেন জাতীয় পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ডলি জহুর ছাত্রাবস্থায় যুক্ত হন মঞ্চ নাটকে।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে- নতুন বউ, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমনি, কুলি, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, আনন্দ অশ্রু, দীপু নাম্বার টু, স্বপ্নের নায়ক, বাবা কেন চাকর, অনন্ত ভালোবাসা, হৃদয়ের কথা, দারুচিনি দ্বীপ, সন্তান আমার অহংকার, মন বসেনা পড়ার টেবিলে প্রভৃতি।