স্কারলেট জোহানসনের বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরো একটি হিট ফ্র্যাঞ্চাইজি। হলিউড রিপোর্টারের তথ্যানুযায়ী, মাল্টি বিলিয়ন ডলারের সিরিজ ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর অন্যতম ভূমিকায় আসতে চলেছেন এ অভিনেত্রী।

এর আগে ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজের একাধিক সিনেমা ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। এটি হলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিরিজগুলোর একটি।

২০২৫ সালের ২ জুলাই মুক্তি পেতে যাছে গারেট এডওয়ার্ড পরিচালিত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের নতুন ছবি। এ সিনেমায় যুক্ত হবেন ‘লুসি’-খ্যাত তারকা।

স্কারলেট জোহানসনের ঝুলিতে রয়েছে দুটি অস্কার মনোনয়ন। ম্যারেজ স্টোরি ও জো জো র‌্যাবিট সিনেমার জন্য এ স্বীকৃতি পেয়েছিলেন তিনি। সামনে তার কণ্ঠ শোনা যাবে ‘ট্রান্সফর্মাস ওয়ান’ সিনেমায়। এছাড়া অ্যাপলের প্লাসের একটি ছবিতে চ্যানিং টাটুমের সঙ্গে দেখা যাবে।

মাইকেল ক্রিচটনের উপন্যাস অবলম্বনে ১৯৯৩ সালে মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এরপর গত ৩০ বছরের দুটি ট্রিলজির অন্তর্ভুক্ত হয়ে এ সিরিজের মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রায় সবগুলোই সফল। এবার সপ্তম কিস্তির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন স্কারলেট জোহানসন।