বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর চার বছর বড় পর্দা থেকে আড়ালে ছিলেন। ২০১৮ সালে ‘সাঞ্জু’ সিনেমার পর পিরিয়ড ড্রামা ‘শমসেরা’ দিয়ে হাজির হন রণবীর কাপুর। সিনেমাপ্রেমীদের ধারণা ছিল শমসেরা দিয়ে জোরালোভাবে ফিরছেন এ নায়ক। এ সিনেমায় অষ্টাদশ শতাব্দীর ডাকাত শমসেরার ভূমিকায় অভিনয় করছেন তিনি।

২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় শমসেরা। এ সিনেমার অন্যতম আকর্ষক ছিলেন সঞ্জয় দত্ত। এখানে ইংরেজ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে তাকে। রণবীরের বিপরীতে শমসেরাও ছিলেন বানী কাপুর। ভিএফএক্স আর সিনেমার গান দিয়েও দর্শক টানতে চেষ্টা করেছেন নির্মাতা। এত কিছুর পরেও বিপর্যয় ঠেকানো গেল না শমসেরার। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে রণবীরের শমসেরা। ৬ দিনে সিনেমাটির আয় মোট ৪০ কোটি রুপি। সিনেমা সমালোচকরা বলছেন ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সর্বোচ্চ ৭০ কোটি রুপি আয় করতে পারে। শমসেরার ব্যর্থতার বিভিন্ন কারণ উপস্থাপন করেছেন ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞরা। এদের মধ্যে তরণ আদর্শ বলেছেন, ‘কয়েকটি সিকোয়েন্স বাদে এ সিনেমায় তেমন কিছু নেই, যেটি দর্শককে আকর্ষণ করবে। শমসেরা নিয়ে মানুষের অনেক প্রত্যাশা, তবে এটি মানুষকে হতাশ করেছে। সিনেমাটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। শমসেরায় সেরা অভিনেতারা থাকার পরও দুর্বল চিত্রনাট্যের কারণে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।’

বাণিজ্য বিশেষজ্ঞ অতুল মোহন বলেন, ‘বর্তমান সময়ে ডাকাতের গল্পটা সেকেলে। সিনেমার ট্রেলারের সঙ্গে মূল গল্পের খুব বেশি মিল খুঁজে পাওয়া যায় না। এখনকার প্রজন্ম অনেক স্মার্ট। সিনেমাটি নিয়ে তরুণদের অনেকেই বলেছে গল্পটা ১৮৭০ সালের হলেও অভিনেতা-অভিনেত্রীদের পোশাকে ছিল বর্তমান সময়ের ছোঁয়া। বিশেষ করে শমসেরায় বানী কাপুরের পোশাকগুলো কোনোভাবেই অষ্টাদশ শতাব্দীর নয়। চিত্রনাট্যে ত্রুটি ছিল শমসেরার। এখানে দেখানো হয়েছে খামেরানদের ২৫ বছর ধরে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু কেন তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। শুদ্ধ সিংয়ের চরিত্রটি নিয়েও যথেষ্ট খামখেয়ালি করা হয়েছে। সে ২৫ বছর ধরে একই রকম থাকে কীভাবে, বাস্তবে যা সম্ভব নয়। অথচ সিনেমায় এভাবেই তাকে উপস্থাপন করা হয়েছে। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের যে মনোভাব দেখানো হয়েছে সেটিও যথেষ্ট প্রশ্নবোধক। শমসেরার মিউজিক ভালো ছিল না, তাই সিনেমাটি দেখতে গিয়ে দর্শকরা বিরক্ত হয়েছে।’

রণবীর কাপুরের শমসেরা দিয়ে চমক দেখাতে ব্যর্থ হলেও চলতি বছরে স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে তাকে। ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এখন দেখার পালা ব্রহ্মাস্ত্র দিয়ে বক্স অফিস হিট করতে পারেন কিনা এ তারকা।

 

সূত্র: বলিউড হাঙ্গামা