বাংলাদেশ টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন দুই ধারাবাহিক নাটক। হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটক দুটিতে দেখা মিলবে একঝাঁক তারকার। ‘সিনেমায় যেমন হয়’ ও ‘বিদেশি ছেলে’ নামের নাটক দুটির প্রচার শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার। রাত ৯টায় প্রচারিত হবে ‘সিনেমায় যেমন হয়’ আর সাড়ে ৯টায় ‘বিদেশি ছেলে’। আহমেদ রেজাউর রহমানের রচনায় ধারাবাহিক নাটক ‘সিনেমায় যেমন হয়’ প্রযোজনা করেছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, প্রাণ রায়, সুব্রত চক্রবর্তী, গোলাম ফরিদা ছন্দা, ইমতু রাতিশ, শাকিলা আক্তার, হাফিজুর রহমান সুরুজসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে ঢাকা শহরের মধ্যবিত্ত এক পরিবারের প্রধান আরিফ সাহেব। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে আর শ্যালককে নিয়ে তার সংসার। তার শ্যালক মিজানের ধারণা জগৎ সংসারে যা কিছু ঘটে তার পেছনে সিনেমার ভূমিকা রয়েছে। এ নিয়ে ঘটতে থাকে একের পর এক বিপত্তি।

অন্যদিকে ‘বিদেশি ছেলে’ রচনা করেছেন মীর সাব্বির। প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুখ আহমেদ, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, তাহমিনা মৌ, সাইদ বাবু, তানিন তানহাসহ আরো অনেকে। দীর্ঘ ১৫ বছর বিদেশে থাকার পর ফয়েজ দেশে ফিরে এসেছে। সবাই ভীষণ খুশি। ভাই, বোন, বোনের জামাই, ভাগ্নি, পাড়া-প্রতিবেশী সবাই খুশি। ফয়েজ এখনো বিয়ে করেনি। মায়ের ইচ্ছে, ছেলের বউ দ্রুত ঘরে তুলবে। নাটকটির গল্প এগিয়েছে এভাবে।