বলিউডের সিনেমার বাজার বেশ মন্দা যাচ্ছে। একের পর এক সিনেমা বক্স অফিসে নড়বড়ে অবস্থানে। গত শুক্রবার মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। করণ জোহর প্রযোজিত সিনেমাটি প্রথম দিনেই আয় করে নিয়েছে ৩০ কোটি রুপির বেশি। শনিবার এ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে একটি পোস্ট করেছেন করণ। যাতে তার দাবি মাত্র দুদিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করেছে ব্রহ্মাস্ত্র। এর পরই এ তথ্য নিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। এ বলিউড কুইনখ্যাত তারকার দাবি, করণের দেয়া পরিসংখ্যান সত্য নয়। শুধু তাই নয়, কঙ্গনা ব্রহ্মাস্ত্রের বক্স অফিস কালেকশন নিয়ে পরিচালক ও লেখক ইরে মৃদুলা ক্যাথারের টুইট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘কিছু বাণিজ্য বিশ্লেষক ব্রহ্মাস্ত্রের বক্স অফিস পরিসংখ্যান সম্পর্কে মুখ বন্ধ রেখেছেন, কারণ তারা কারচুপি করেছেন। বক্স অফিস পরিসংখ্যান নিয়ে কারচুপির জন্য তারা মোটা অংকের অর্থ পান। এত বড় হেরফেরকে ভারতের সবচেয়ে বড় ম্যানিপুলেশন বলা যেতে পারে, ৬০-৭০ শতাংশেরও বেশি ভুয়া পরিসংখ্যান।’

এ পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘বাহ! আরো নিচে নেমেছে ৭০ শতাংশ।’ ৪০০ কোটি রুপির বেশি বাজেটের সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রি বাবদ আয় করেছে ১৮ কোটি রুপি। রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন, মৌনি রায় রয়েছেন এ সিনেমায়। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রায় ৭৬ কোটি রুপি আয় করেছে ব্রহ্মাস্ত্র।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস