বছরজুড়ে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে কলা কেন্দ্র। সে ধারাবাহিকতায় কলা কেন্দ্রে চলছে শিল্পী পলাশ ভট্টাচার্য্যের একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘‌অংশ বিশেষ’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ঢালি আল মামুন ও শিল্পী মাহমুদুল হোসেন।

প্রদর্শনীটি নিয়ে কলা কেন্দ্রের কিউরেটর শার্মিলি রহমান বলেন, ‘‌পলাশের শিল্পের শরীর তৈরি হয় সময়, স্থান আর দৈনন্দিন প্রযুক্তির সংযোজনে। ফটোগ্রাফি, প্রিন্ট, ড্রয়িং, নিয়ন বাতি, ভিডিও, ফিল্ম আর পেয়ে যাওয়া অবজেক্ট। কভিড-১৯ মহামারীর সময়ের গার্হস্থ্য জীবনের প্রেক্ষাপটে পরিণত হয়েছিল এ ধ্যানমগ্ন কাজগুলো। পলাশ তার শিল্পে অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের ধারণার মিশ্রণ ঘটান। যুক্ত হয় স্বপ্ন ও স্মৃতির কাতরতা। সূক্ষ্ম দূরদৃষ্টিতে সন্তানের খেলনাগুলোর মধ্যে একটি কল্পিত ভবিষ্যৎ দেখতে পান। পলাশের শিল্প, বিশ্বের সঙ্গে শিল্পীর জটিল সম্পর্কের উপস্থাপন।’

শিল্পী পলাশ ভট্টাচার্য্য একক প্রদর্শনী নিয়ে বলেন, ‘‌আমার চর্চার ধারণাগত ও মাধ্যমগত উপাদানগুলো আমার জীবন-যাপন ও অভিজ্ঞতা থেকে সংগ্রহ করি। এর ভিত্তিতে আমার এ কর্মযজ্ঞে, নিজের অভিজ্ঞতায় দেখার একটা জগতের কিছু ছোট ছোট টুকরো হাজির করেছি। সে বিক্ষিপ্ত সময়গুলোর স্মৃতিতে অনেক বস্তু, অনেক ঘটনা আর অনেক তথ্যের সমন্বয় ঘটে, যেখানে তাৎক্ষণিক উল্লেখ করার মতো সুনির্দিষ্ট কোনো কিছু খুঁজে পাই না। তাই সমন্বিত স্মৃতি আর পার করা বর্তমানের বিভিন্ন অভিজ্ঞতার মিশ্র প্রতিক্রিয়ার কিছু টুকরো টুকরো ছায়া এখানে হাজির করেছি।’ 

কলা কেন্দ্রে প্রদর্শনীটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।