২০১২ সালে বাংলাদেশী চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে রুপালি জগতে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। এরপর অনেকগুলো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয় দিয়ে পেয়েছেন দর্শকজনপ্রিয়তা। আসন্ন কাজ আর নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান শশী
দেশের জনপ্রিয় নায়কের তালিকায় স্থান করে নিয়েছেন। আপনার রিয়েল লাইফ হিরো কে?
আমার রিয়েল লাইফ হিরো বাবা। প্রত্যেক বাবাই আসলে রিয়েল লাইফ হিরো। আমি বাবাকে খুব ভালোবাসি। আমার মনে হয়, আমি এখন পর্যন্ত যা, তার কারণ আমার বাবা-মা। পরিবারের জন্যই আমাকে কিছু করতে গেলে অনেক ভাবতে হয়। আমি যা করব তার রিফ্লেক্ট আমার পরিবারে পড়বে। তাই অনেক কিছু বুঝে করতে হয়। হতে পারত আমি অনেক ভুল সিদ্ধান্ত নিতাম আর এতে আমার লাইফটা পুরো শেষ হয়ে যেত। শুধু পরিবারের জন্যই বুঝে সিদ্ধান্ত নিই বলে জীবনটা এখনো অনেক সহজ।
অনেকের মতে, সালমানের পর বাপ্পী কম সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে। এটা নিয়ে আপনার মতামত কী?
আমি সালমান শাহ নই। একটানা আমি অনেক কাজ করেছি, যেটা সালমান শাহ স্যারের মতো। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি মনে করি, এ বয়সে এ সময়ে সবচেয়ে বেশি কাজ করেছি। সবকিছুর জন্য আমি খুশি।
রুপালি জগতে আপনার অনুপ্রেরণা কে?
পছন্দের তালিকা অনেক বড়। রাজ্জাক সাহেব থেকে শুরু করে প্রত্যেক সফল ব্যক্তি আমার অনুপ্রেরণা। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এদের মধ্য আলমগীর স্যার, জাফর ইকবাল স্যার, মাসুদ পারভেজ স্যার, সালমান শাহ স্যার, সাকিব খান ভাই আমার খুব পছন্দের।
নায়করাজ রাজ্জাকের সঙ্গে অনেক কাজ করেছেন। তার সঙ্গে কাটানো কোনো স্মৃতি দর্শকের সঙ্গে শেয়ার করা যাবে?
একদম শুরু থেকেই নায়করাজ রাজ্জাকের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। কারণ আমার প্রথম দুটি সিনেমা ছিল তার সঙ্গে। একটায় উনি আমার বাবা অন্যটায় দাদুর ভূমিকায় অভিনয় করেছিলেন। উনি আমাকে অনেক আদর করতেন। রাজ্জাক সাহেবের ছোট ছেলের নাম বাপ্পী এটা উনি আমাকে বলতেন। শুটিংয়ের সময়ে সেটের সবাই নায়করাজকে অনেক ভয় পেতাম। তার সামনে অভিনয় করাটা চিন্তার ছিল। অনেক সময় দেখা যেত শট ঠিক করে হচ্ছে না। উনি সাহস দিয়ে বলতেন ‘বাপ্পী আর একবার করো হয়ে যাবে।’
নায়করাজের থেকে সবসময় সাপোর্ট পেয়েছি।
নেতিবাচক সমালোচনা কীভাবে গ্রহণ করেন?
আমি অনেক বেশি স্ট্রেইটফরওয়ার্ড। আমার পরিবার আর বন্ধুরা বলে আমি অনেক নীতিবান। সবসময় এথিকস বজায় রেখেই চলি। কিন্তু নেতিবাচক বক্তব্য শুনলে আমার খারাপ লাগে। এ কারণে আমি কোথাও ইন্টারভিউ দিতে চাই না। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে আমরা হ্যাংলাও হয়ে গিয়েছি। আগে একটা সময়ে সিনেমা মুক্তির আগ দিয়ে আমরা প্রচারণা করতাম। কিন্তু এখন ফেসবুকের যুগে এক মাস ছবি না দিলে শুনতে হয় আমি সিনেমা ছেড়ে দিয়েছি কিনা। এখন আমরা কী করছি না করছি সবটাই ফেসবুকে দিচ্ছি। এতে এর ইতিবাচক আর নেতিবাচক দুটো দিক ফেস করতে হয়।
রিল লাইফ আর রিয়েল লাইফের বাপ্পীর ভেতরে কোনো মিল বা অমিল খুঁজে পান?
না, আমার সামনে কোনো আয়না নেই। আমি যেমন কথা বলি বাস্তবেও তাই। আর পর্দায় তো চরিত্রের প্রয়োজনে কাজ করি। এর বাইরে আমি আসলে বাস্তবে যা তাই।
ক্যারিয়ারে এমন কোনো সময় আছে যেটা আপনি মনেও করতে চান না?
ব্যাপারটা হচ্ছে এমন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কী। আমি খারাপ কিছু কখনো মনে করতে চাই না। যেমন আমার মা অসুস্থ তা কখনো মনে করতে চাই না। আর ক্যারিয়ার নিয়ে আমার কোনো উত্কণ্ঠা নেই।
দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সুদিন বইছে। বিষয়টি কীভাবে দেখছেন?
এটা খুবই ভালো দিক আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এখন অনেক ভালো কাজ হচ্ছে। সব ধরনের গল্প নিয়ে এখন খুব ভালো কনটেন্ট নির্মাণ হচ্ছে। মানুষও আগ্রহ নিয়ে দেখছে। বিশ্বাস করি, আবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ ফিরে আসবে। একটা ইন্ডাস্ট্রির জন্য দুটি জিনিস খুব জরুরি ভূমিকা রাখে। একটা অধ্যবসায় আর অন্যটা ইন্ডাস্ট্রির আর্টিস্টদের বাঁচিয়ে রাখা। নেপুটিজম বা গ্রুপিং এড়িয়ে চলা উচিত। এসব চললে আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবে না। কারণ গ্রুপিং থাকলে এখানেই শেষ হয়ে যাবে, ভালো কাজ হবে না। তাই সবাই মিলে আমাদের এক থাকতে হবে।
নতুন তারকাদের নিয়ে আপনার ভাবনা কী?
নতুনরা অনেক ভালো কাজ করছেন। আমরা অনেক ভালো আর্টিস্ট পেয়েছি। আমাদের মার্কেট অনেক বড় হয়েছে। আমার বিশ্বাস, এখন যারা নতুন কাজ করছেন আমাদের পর তাদের নাম যুক্ত হবে। এটা নিয়ে ব্যক্তিগতভাবে খুব খুশি।
ডিজিটাল মাধ্যমে বড় পর্দার অনেকেই কাজ করছেন। আপনাকে দেখা যাবে কি?
হ্যাঁ, আমার পরিকল্পনা আছে। ভালো কিছু কাজের অফার এসেছে। এখনো চুক্তিবদ্ধ হইনি, কথা চলছে। আসা করছি ভালো কিছু হবে।
এ বছর পরে দর্শক আপনাকে কোন সিনেমায় দেখতে পাবে?
সামনে মুক্তি পাবে ‘ডেঞ্জার জোন’। এটা নিয়ে কথা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বরে আসবে ‘জয় বাংলা’
আর ‘৫৭০’ সিনেমা। এখন ‘শত্রু’
চলছে। সেপ্টেম্বরেই সিনেমাটির কাজ শেষ হবে। আর সামনে কাজ এলে জানতে পারবেন।
এ পর্যন্ত আপনার ক্যারিয়ারে করা সিনেমাগুলোর মধ্যে কোন চরিত্রটা আপনাকে এখনো ভাবায়?
চরিত্র ভালো লেগেছে বলেই কাজ করেছি। আর আলাদা করে বলতে গেলে অনেক চরিত্র আছে। এর মাঝে ‘৫৭০’ সিনেমার চরিত্রটা আমার কাছে স্পেশাল। এ সিনেমায় কাজ করতে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। এর পরে আছে ‘অনেক দামে কেনা’। এতে আমার চরিত্রটি খুব মজার ছিল। ‘অন্য রকম ভালোবাসা’য় এটার কাজটাও ভালো লেগেছে। চরিত্র নিয়ে কাজ করার জায়গা থাকে, এমন চরিত্রগুলোয় অভিনয় করার সুযোগ আমার হয়েছে।










