ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি টলিউডে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার সিনেমায় চূড়ান্ত হয়েই খবর হলেন মিথিলা। টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার পরিচালক রাজর্ষি দের পরিচালনায় টলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন মিথিলা।
শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’
অবলম্বনে নির্মিতব্য রাজর্ষির এ ছবির নাম মায়া। মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কণিকা ব্যানার্জী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
মিথিলাকে সিনেমায় পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে নির্মাতা টাইমস অব ইন্ডিয়াকে জানান, আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে তাকে এ ছবিতে মায়া চরিত্রটির জন্য নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দিই। তিনি সেটা খুব পছন্দ করেন।
নির্মাতা বলেন, অনেকে বলছেন অর্পিতার পরিবর্তে মিথিলাকে সিনেমায় নেয়া হয়েছে, এটা সত্য নয়। চিত্রনাট্য তৈরি হওয়ার সময় থেকেই মিথিলা এ সিনেমার অংশ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এরই মধ্যে অভিনেতাদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। ১২
জুলাই থেকে কলকাতা ও এর আশেপাশে হবে শুটিং।
এর আগে কলকাতায় অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘কলকাতার তিনজন পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কন্ট্রাক্ট সাইন করলেই বিস্তারিত জানাতে পারব। আমার তো গত বছরই কলকাতার সিনেমায় কাজ করার কথা ছিল। শুটিং শুরু হয়েও শেষ মুহূর্তে হয়নি।’
কলকাতার একটি গণমাধ্যমে সৃজিত তার বউকে কোনো দিন সিনেমায় নেবেন না—এমন সংবাদ ছাপা হলে মিথিলা বলেন, ‘কাজ করার জন্য তো সৃজিতকে বিয়ে করিনি। কাজ যখন হবে তখন দেখা যাবে। আর কেনইবা আমাকে সৃজিত মুখার্জির সঙ্গেই কাজ করতে হবে? সৃজিত গল্প ও চরিত্রের প্রয়োজনে যাকে খুশি তাকে নিয়ে কাজ করবে। ব্যাপারটা মোটেও এ রকম নয় যে তার বউ বলে আমাকে নিয়েই কাজ করতে হবে!’
টেলিভিশন কিংবা ওয়েব সিরিজে কাজ করলেও চলতি বছরেই প্রথমবার সিনেমায় অভিনয়ের ঘোষণা আসে মিথিলার পক্ষ থেকে। চিত্রনায়ক নিরবের বিপরীতে অনন্য মামুন পরিচালিত অমানুষের মধ্য দিয়ে বাংলা সিনেমায় অভিষিক্ত হন মিথিলা। এরই মধ্যে এ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে।
অভিনয়, গান, উপস্থাপনা ও চাকরি সমানতালে চালিয়ে যাচ্ছেন মিথিলা। সেই সঙ্গে মেয়ে আয়রা তাহনিম খানের সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো ও বই লেখার কাজও চলছে। ২০১৯ সালে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। সেই থেকে কলকাতায় বসবাস করছিলেন। ২০২১ সালে কাজের সুবাদে বাংলাদেশে এসে আটকে যান লকডাউনে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শাটডাউন ঘোষণা করলে এর ঠিক আগের দিন মেয়েকে নিয়ে কলকাতায় পাড়ি জমান মিথিলা। সাড়ে তিন মাস পর ফেরেন স্বামী সৃজিতের কাছে। কলকাতায় ফেরার পর থেকেই টলিউডে কাজের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে গুঞ্জন সত্য বলে প্রমাণিত হলো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










