অ্যানাকন্ডার নাম শুনলেই ভয়ে গা শিউরে ওঠে মানুষের। ভয়ঙ্কর বিষধর এই বিশালাকার সাপকে কেন্দ্র করে নির্মিত ‘অ্যানাকন্ডা’ সিরিজের সিনেমাগুলো যারা দেখেছেন তারা জানেন এটি কি করতে পারে। নতুন করে যারা দেখতে চান তাদের জন্য সুযোগ আসছে শিগগিরই। আগামীকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে নতুন ‘অ্যানাকন্ডা’। অন্যদিকে, অ্যানিমেশন সিনেমার ভক্তদের জন্যও আছে সুখবর। দ্য স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস সিরিজের নতুন সিনেমা ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ এসেছে পর্দায়। সিনেমা দু’টি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

অ্যানাকন্ডা

১৯৯৭ সালে মুক্তি পাওয়া অ্যাকশন অ্যাডভেঞ্চার হরর সিনেমা ‘অ্যানাকন্ডা’ বেশ আলোচনা সৃষ্টি করেছিল। লুইস লোসা পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় তারকা জেনিফার লোপেজসহ আরও অনেকে। বক্স অফিসে ভালো সাফল্য পায় ভয়ঙ্কর সাপের এই সিনেমা। ২০০৪ সালে এর সিক্যুয়েল ‘অ্যানাকন্ডাস: দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড’ মুক্তি পায়। পরবর্তীতে আরও দুটি সিনেমা সরাসরি টু-ভিডিওতে মুক্তি পায় ‘অ্যানাকন্ডা ৩: অফস্প্রিং (২০০৮) এবং অ্যানাকন্ডাস: ট্রেইল অব ব্লাড (২০০৯)। সনি পিকচার্স ২০২০ সালের জানুয়ারিতে রিবুট তৈরির ঘোষণা দেয়। সে অনুযায়ী নির্মিত হয় অ্যাকশন কমেডি সিনেমা ‘অ্যানাকন্ডা’। ১৯৯৭ সালের অ্যানাকন্ডা সিনেমার মেটা-রিবুট এটি। টম গোর্মিকানের পরিচালনায় এতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জ্যান, থান্ডিওয়ে নিউটন, ড্যানিয়েলা মেলচিওর এবং সেলটন মেলো।

এবারের সিনেমাটি ১৯৯৭ সালের মূল সিনেমার সরাসরি রিমেক নয়, এটি একটি মেটা-রিবুট কমেডি-থ্রিলার হিসেবে নির্মিত হয়েছে। গল্পের মূল চরিত্র ডগ এবং গ্রিফ তাদের জীবনের মিডলাইফ ক্রাইসিস কাটিয়ে উঠতে চায়। তারা সিদ্ধান্ত নেয় তাদের শৈশবের প্রিয় সিনেমা অ্যানাকন্ডা পুনরায় বানাতে যাবে। ছোট বাজেটের একটি সিনেমা বানানোর জন্য অ্যামাজন জঙ্গলে যাত্রা শুরু করে তারা। কিন্তু শুটিং শুরু হওয়ার পর তাদের সামনে আসে অন্যরকম এক সংকট। আবহাওয়া এবং পরিবেশগত সমস্যার সঙ্গে লড়াইতো আছেই তার উপরে একটি বাস্তব জীবনের বিশাল এক অ্যানাকন্ডা হাজির হয়। এই বিপজ্জনক জঙ্গলে তাদের হাসি-আনন্দের পরিস্থিতি দ্রুত প্রাণঘাতী বাস্তবে পরিনত হয়। সাপের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে পড়ে তাদের জন্য।

দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস

দ্য স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস একটি জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ও চরিত্র, যা একটি হলুদ স্পঞ্জ-সদৃশ প্রাণীর মজার কান্ডকারখানা নিয়ে তৈরি। সে বিকিনি বটম শহরে তার পোষা শামুক গ্যারির সাথে একটি আনারসের মধ্যে থাকে এবং ক্রাস্টি ক্র্যাবে কাজ করে। ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ ২০২০ সালের স্পঞ্জ অন দ্য রান-এর পরে সিরিজের উপর ভিত্তি করে চতুর্থ থিয়েটার চলচ্চিত্র। এই সিনেমায় সে ফ্লাইং ডাচম্যানের মুখোমুখি হয় এবং সমুদ্রের গভীরে অ্যাডভেঞ্চার করে। স্পঞ্জববকে তার হারিয়ে যাওয়া পোষা প্রাণী গ্যারির সন্ধানে সমুদ্রের গভীরে এক মহাকাশযানে যেতে হয়, যেখানে সে ফ্লাইং ডাচম্যানের মতো ভিলেনদের মোকাবিলা করে।

১৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পর দর্শকদের আশানুরূপ সাড়া পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ৩ হাজার ৫৫৭টি থিয়েটারে মুক্তি পায়। প্রথম দিনে ৫৬ লাখ ডলার আয় করে সিনেমাটি। সমালোচকরাও ইতিবাচক রিভিউ দিয়েছেন। রটেন টমেটোস জানিয়েছে, ৩৯টি সমালোচক পর্যালোচনার মধ্যে ৮৭ শতাংশ ইতিবাচক ছিল, যার গড় রেটিং ৬.৭/১০। দ্য হলিউড রিপোর্টারের জাস্টিন লো সিনেমাটির ইতিবাচক পর্যালোচনা করে বলেছেন, সিনেমাটি সহজেই সিরিজের আরেকটি আকর্ষণীয়, আনন্দদায়কভাবে উন্মত্ত চতুর্থ কিস্তি প্রদান করে। সানডে ইন্ডিপেন্ডেন্টের ক্রিস ওয়াসার সিনেমাটিকে পাঁচের মধ্যে তিন তারকা দিয়েছেন। লিখেছেন, ‘এই প্রাণবন্ত কার্টুন অ্যাডভেঞ্চারটি আপনার প্রত্যাশার মতোই অদ্ভুত।’