বছরজুড়েই নাটক মঞ্চায়নে ব্যস্ত থাকে দেশের অন্যতম নাট্যদল বটতলা। সে ধারাবাহিকতায় নতুন বছরে খনা মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদলটি। এটি বটতলার জনপ্রিয় নাটক। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নন্দিত নাট্য প্রযোজনা খনার ৮১তম মঞ্চায়নের মধ্য দিয়ে নতুন বছরের শুরু করতে যাচ্ছে নাট্য সংগঠন বটতলা।

খনা নাটকটি প্রসঙ্গে মোহাম্মদ আলী হায়দার জানান, খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি, যা নারী ও শ্রেণীর প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরোশ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক । ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে তার বড় প্রমাণ যে নাট্যের পদে পদে, সেই নাট্যের বর্ণনা আমাদের বলে দেয় যে জানে সে মূঢ় নয়, মূঢ় সেই যে জেনেও বোঝে না কত কম জানা যায়। প্রজন্মান্তরে চলা যে কৃষিজ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান, তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষীদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শককে ।

মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন থেকে গত ৮০টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের অভিনন্দন ও প্রশংসায় ঋদ্ধ হয়েছে। ভারতের রাষ্ট্রীয় নাট্য শিক্ষাপ্রতিষ্ঠান দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবের ২৩তম আসরে ‘বটতলা’ আমন্ত্রিত হয়েছে খনার মঞ্চায়নের জন্য। আগামী ২৪ ফেব্রুয়ারি আয়োজিতব্য এশিয়ার বৃহত্তম উৎসবে বটতলা খনা নাটকটির দুটি মঞ্চায়ন করবে।’

দুরারোগ্য জিবিএসে আক্রান্ত হয়ে মঞ্চ থেকে দীর্ঘ বিরতির পর ফের মঞ্চে নাটকের নাম ভূমিকায় হাজির হচ্ছে খনার নাট্যকার, শিক্ষক ও নন্দিত অভিনয়শিল্পী সামিনা লুৎফা নিত্রা। এতে আরো অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, তৌফিক হাসান ভূঁইয়া, শেউতি শা’গুফতাসহ অনেকেই।