দেশের তিন জেলায় নতুন মাল্টিপ্লেক্স চালুর প্রস্তুতি চলছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ায় দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে দেশের শীর্ষ প্রদর্শনী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। এ ছাড়া শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে পদ্মা সিনেপ্লেক্সের নির্মাণ কাজ চলছে।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন শাখাটিতে তিনটি হল থাকবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই এটি দর্শকদের জন্য উন্মুক্ত হবে। দেশে একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র প্রদর্শনী খাত সংকুচিত হলেও নতুন কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প দর্শকদের জন্য আশা দেখাচ্ছে।

বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজ চলমান রয়েছে। সেখানে দুটি হল থাকবে এবং চলতি বছরের মধ্যেই এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে বড় শহরগুলোকে গুরুত্ব দেয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন হলগুলো চালু হলে সিনেমার দর্শক বাড়বে বলে আমরা মনে করি।

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষ পর্যায়ে। মাল্টিপ্লেক্সটির মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় উদ্বোধনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি জানান, এলাকাটিতে এখনো কোনো মাল্টিপ্লেক্স নেই, তাই দর্শক চাহিদার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন এ মাল্টিপ্লেক্সগুলো চালু হলে দেশের সিনেমা প্রেমীদের জন্য আরো বেশি প্রদর্শনী সুবিধা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।