সালমান খানের রেস থ্রি ছিল আইএমডিবিতে (ইন্টারনেট মুভি ডাটাবেজ) সবচেয়ে কম রেটিং পাওয়া সিনেমার একটি। ১০-এর মধ্যে রেস থ্রি পেয়েছিল ১ দশমিক ৯।
১৩ মে ঈদ উপলক্ষে মুক্তি দেয়া হয় সালমান খানের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিটি। এটি সালমানের সবচেয়ে কম রেটিং পাওয়া ছবির একটি হয়ে উঠেছে। এক বছরের বেশি সময় পর পর্দায় ফিরলেন বলিউডের সুপারস্টার সালমান। ভক্তদের বড় প্রত্যাশা ছিল এ ছবিকে ঘিরে। গতকাল পর্যন্ত ছবিটি আইএমডিবিতে রেটিং পেয়েছে ১০-এর মাত্র ২। বজরঙ্গি ভাইজান ও সুলতান ছবি দুটো সালমানের ক্যারিয়ারের সবচেয়ে ভালো রেটিং পাওয়া ছবি। আইএমডিবিতে তাদের রেটিং যথাক্রমে ৮ ও ৭।
মুক্তির দিন ওটিটি প্লাটফর্মে ৪২ লাখ ভিউ নিয়ে রেকর্ড গড়ে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। অন্যদিকে বিদেশের বক্স অফিসে ২০১৯ সালে ভারত ছবির তুলনায় রাধের সাফল্য ৪০ শতাংশ কম। অবশ্য এজন্য মহামারীকেই দায়ী করা হচ্ছে।
রাধের মুক্তির আগে বক্স অফিস নিয়ে কথা বলতে গিয়ে সালমান খান বলেছিলেন, আমরা রাধের জন্য আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারি। বক্স অফিস কালেকশন শূন্য হয়ে যেতে পারে, কিন্তু আমরা রাধে মুক্তি দেবই।
রাধে ছবিতে সালমানকে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে আর তার বিপরীতে আছেন দিশা পাটানি। ছবিতে তিনি একজন মডেল। আর সালমানের বিপরীতে খলনায়ক হয়েছেন রণদীপ হুদা।
সূত্র: ডিএনএ










