সদস্যদের প্যারামাউন্ট প্লাস স্ট্রিমিং সার্ভিসের সুবিধা দেয়ার জন্য প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে এক চুক্তিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা ওয়ালমার্ট ইনকরপোরেটেড। আরেক রিটেইলার প্রতিষ্ঠান অ্যামাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে এ চুক্তি করতে যাচ্ছে তারা।
চুক্তির ফলে ওয়ালমার্ট প্লাসের সদস্যরা প্যারামাউন্টের ‘এসেনশিয়াল’
প্ল্যানে প্রবেশাধিকার পাবে, যেটার দাম পড়ে প্রতি মাসে ৪ দশমিক ৯৯ ডলার, এর মধ্যে বিজ্ঞাপনও অন্তর্ভুক্ত থাকবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি মাসিক ৯ দশমিক ৯৯ ডলারের একটি সেবাও দেয়, যেটা হবে বিজ্ঞাপনবিহীন।
প্যারামাউন্ট প্লাসে বিভিন্ন ব্র্যান্ড ও প্রডাকশন স্টুডিও থেকে অরিজিনাল সব সিরিজ ও জনপ্রিয় সব সিনেমা প্রচার করা হয়। এর মধ্যে রয়েছে বিইটি, কমেডি সেন্ট্রাল ও নিকেলোডিওন। পাশাপাশি কিছু স্পোর্টিং লিগও প্রচার করা হয়, যেমন উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
ওয়ালমার্ট প্লাসের সদস্যদের প্রতি মাসে ১২ দশমিক ৯৫ ডলার দিতে হয় অথবা প্রতি বছর ৯৮ ডলার। এর মধ্যেই রয়েছে অর্ডার করলে বিনামূল্যে পৌঁছে দেয়া এবং জ্বালানির ওপর ডিসকাউন্টের সুবিধা। পাশাপাশি ছয় মাস বিনামূল্যে স্পটিফাইয়ের প্রিমিয়াম মিউজিক সার্ভিস সাবস্ক্রিপশনও পান সদস্যরা।
এ সেবা প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী অ্যামাজন প্রাইমও বিনামূল্যে পৌঁছে দেয়ার পাশাপাশি ভিডিও ও মিউজিক স্ট্রিমিং সার্ভিস দিচ্ছে আর তাদের সাবস্ক্রাইবার ২০ কোটি। অ্যামাজন প্রাইমের সদস্যদের প্রতি মাসে ১৪ দশমিক ৯৯ ডলার বা বছরে ১৩৯ ডলার দিতে হয়।
বিভিন্ন ফার্মের তথ্য বলছে, ২০২০ সালে শুরু করা ওয়ালমার্টের সাবস্ক্রিপশন সার্ভিস নিচ্ছে ১ কোটি ১০ লাখ থেকে ৩ কোটি ২০ লাখ সদস্য। যদিও ওয়ালমার্ট নিজে তাদের সাবস্ক্রাইবারের তথ্য উন্মুক্ত করেনি।
সূত্র: রয়টার্স










