এবারই প্রথম আঁখি আলমগীর পুলক অধিকারীর কথা ও সুরে গান গাইলেন। পুলকের ১০০টি গানের প্রজেক্টের এটি একটি। ‘প্রেম ব্যাপারী’
শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে ইউটিউবে প্রকাশ পাবে। গানটিতে আঁখি আলমগীরের সহশিল্পী পুলক অধিকারী।
নিজের ইউটিউব চ্যানেলে আঁখি আলমগীরের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে পুলক বলেন, ‘ছোট্ট এ জীবনে এখন পর্যন্ত আমার দেখা ভীষণ ভালো মনের একজন মানুষ। আমার জীবনের অন্যতম প্রিয় একজন মানুষ শ্রদ্ধেয় আঁখি আপা। এত প্রাণোচ্ছল মানুষ আমি জীবনে কমই দেখেছি। তিনি আমার কথা সুরে গান গেয়েছেন, এটা সত্যিই অনেক আনন্দের। বলা যেতে পারে এটাও এক ধরনের অর্জন।’
আঁখি আলমগীর বলেন, ‘পুলক ও আকাশ দুজনই ভীষণ মেধাবী। আমাকে নিয়ে কাজ করতে পেরে তাদের দুজনের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, তা আমাকে আবেগাপ্লুত করেছে। পুলক মূলত সুফি ঘরানার গান বেশি করে। গানটি যদিও আধুনিক, রিদমিক গান, কিন্তু মেলোডির বাইরে না। আমি সাধারণত দ্বৈত গান করি না। কিন্তু অতিরিক্ত সুন্দর বলেই গেয়েছি। আর পুলকের ভয়েজ ডেলিভারি এমন ছিল যে সিনেমার হিরোদের জন্য গান গাইতে গেলে যেমন এক্সপ্রেশন দিতে হয় শিল্পীকে—ঠিক তেমন। পুলকের কথা, সুর ভীষণ ভালো লেগেছে। আকাশের সংগীতায়োজন এক কথায় দুর্দান্ত। আমি গানটি প্রকাশের অপেক্ষায়।’










