একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন বলিউডের এ সময়ের সেনসেশন কিয়ারা আদভানি। মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের কাতারে এখন তার নামটিও উচ্চারিত হচ্ছে।

কিয়ারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা শেরশাহ। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। গেল ১২ আগস্ট থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে সিনেমাটি। এখন পর্যন্ত অ্যামাজন প্রাইমের সবচেয়ে সফল সিনেমা শেরশাহ। এছাড়া ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ রেটিং পেয়েও রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির পর থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে এটি। এ সিনেমার সাফল্যের পরই পারিশ্রমিক বাড়িয়েছেন কিয়ারা।

ভারতীয় সংবাদমাধ্যম গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ারা আদভানি তার পারিশ্রমিকের বিষয়ে বেশ কঠোর হয়েছেন। তার পরবর্তী সিনেমার জন্য এ অভিনেত্রী পারিশ্রমিক চেয়েছেন ৫ কোটি রুপি (বাংলাদেশী মুদ্রায় ৫ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকা)। এর আগে রামচরণের সিনেমার জন্য একই পারিশ্রমিক চেয়েছিলেন। পরে সাড়ে ৩ কোটি রুপিতে কাজটি করতে রাজি হন। কিন্তু শেরশাহ সিনেমার সাফল্যের পর পারিশ্রমিকের বিষয়ে কঠোর হয়েছেন কিয়ারা।

কয়েক দিন আগেই সত্যনারায়ণ কি কথা নামের একটি সিনেমার ঘোষণা দেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এতে নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছিলেন তারা। কিন্তু নতুন খবর সিনেমাটি থেকে বাদ পড়েছেন শ্রদ্ধা। তার জায়গায় নেয়া হয়েছে এ সময়ের আরেক আলোচিত নায়িকা কিয়ারা আদভানিকে। এদিকে কিয়ারা আদভানির হাতে বর্তমানে বেশ কয়েকটি আলোচিত সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো ভুল ভুলাইয়া টু, মিস্টার লেলে ও যুগ যুগ জিও।