টিমোথি শ্যালামে নানা কারণেই এখন আলোচনায় থাকেন। কেউ কেউ তাকে বলে এ সময়ের সুদর্শনতম পুরুষ। ‘‌ডুন’ দিয়ে এ অভিনেতা দর্শকের মনোযোগ পেয়েছেন সবচেয়ে বেশি। এরপর গত বছর এল ‘ওঙ্কা’। এর মধ্যে তিনি অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট ব্ল্যানচেট ও মেরিল স্ট্রিপের সঙ্গে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায়। এ সময়ই টিমোথিকে লিওনার্দো বলেছিলেন সুপারহিরো সিনেমায় অভিনয় না করতে। ডুন সায়েন্স ফিকশন। এছাড়া তিনি অভিনয় করেননি কোনো সুপারহিরো ঘরানার সিনেমায়। কিন্তু সুপারহিরো সিনেমা পছন্দ করেন টিমোথি। আর এ ধারায় তার সবচেয়ে প্রিয় সিনেমা ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ডার্ক নাইট’।

ডুন নিয়ে কথা বলতে গিয়ে ডোন্ট লুক আপ করার সময়কার স্মৃতিচারণ করেছেন টিমোথি। তিনি বলেন, ‘ডিক্যাপ্রিও আমাকে বলেছিলেন যেন কখনো মাদকে না জড়াই। আর সিনেমার ক্ষেত্রে সুপারহিরো সিনেমা থেকে দূরে থাকি।’ লিওনার্দো নিজে কখনো সুপারহিরো সিনেমায় অভিনয় করেননি। তার সময়ের বহু তারকা মার্ভেল ও ডিসির সিনেমায় গেছেন, কিন্তু তিনি নিজের অবস্থানে অনড়। কিন্তু টিমোথিও কী ডিক্যাপ্রিওকে অনুসরণ করে কমিকবুক, সুপারহিরো সিনেমা থেকে দূরে থাকবেন?

টিমোথি বলেন, ‘আমি তার (ডিক্যাপ্রিও) দুটো পরামর্শই মেনে চলি। কিন্তু সুপারহিরো সিনেমাও আমার খারাপ লাগে না। বিশেষত একটা সিনেমার নাম করতেই হয়। নোলানের দ্য ডার্ক নাইট। আমার মনে হয় এ সিনেমায় যদি অভিনয় করতে পারতাম!’

ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ডার্ক নাইট মুক্তি পায় ২০০৮ সালে। টিমোথির বয়স তখন ১২ বছর। সিনেমাটি তার ওপর বেশ প্রভাব রেখেছে। এ নিয়ে অনেক সময়ই কথা বলেছেন তিনি। ‘‌কল মি বাই ইয়োর নেম’ সিনেমার জন্য নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড পেয়েও তিনি এ কথা বলেছিলেন। টিমোথি বলেন, ’১২ বছর বয়সে আমি মা ও দাদির কাছে বায়না ধরেছিলাম সিনেমাটি দেখার। আমরা টাইম স্কয়ারের এএমসি এম্পায়ার ২৫ হলে সাড়ে ৭টার শো দেখেছিলাম। সেদিন থিয়েটার থেকে আমি একটা ভিন্ন মানুষ হয়ে বের হই। তখন থেকেই অভিনয়ের পোকা মাথায় ঢুকেছিল আমার।’

সেদিনের কিশোর টিমোথি শ্যালামে এখন হলিউডের অন্যতম সুদর্শন নায়ক। মুক্তির অপেক্ষায় আছে তার ‘‌ডুন: টু’। দেনি ভিলেনোভের এ সিনেমা মুক্তি পাচ্ছে মার্চে। এরই মধ্যে একটি বিশেষ প্রদর্শনীর পর সিনেমাটির প্রশংসা করছেন সাংবাদিক ও সমালোচকরা।

সূত্র: ভ্যারাইটি