তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। রোমান্টিক ঘরানার কনটেন্ট নির্মাণে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তার। জাহিদ প্রীতম নির্মিত ঘুমপরী, বুক পকেটের গল্পসহ বেশকিছু কাজ তাকে নির্মাতাদের ভিড়ে আলাদা পরিচিতি এনে দিয়েছে। গল্প বলার স্বতন্ত্র ভঙ্গি, পরিবেশন ও সহজ ভাষা আর চরিত্রনির্ভর নির্মাণশৈলী তার কাজকে দর্শকের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলেছে। সে ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। কনটেন্টটি মুক্তি পাবে ২৬ নভেম্বর রাত ১২টায় (২৭ নভেম্বর) ওটিটি প্লাটফর্ম চরকিতে।
বৃহস্পতিবার রাত মানেই অনেকের কাছে একটু স্বস্তির অনুভূতি, বন্ধুদের আড্ডা, খানিক উচ্ছ্বাস আর ব্যস্ত জীবন থেকে স্বল্প মুক্তির সময়। তবে কয়েক বন্ধুর এমনই এক আড্ডা তাদের জীবনে তৈরি করে অপ্রত্যাশিত এক সংকট। আনন্দময় রাত কখন কীভাবে জটিলতার দিকে মোড় নিল, তার উত্তর মিলবে থার্সডে নাইটে। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ গল্পে পরিচালক ব্যবহার করেছেন রশোমন ইফেক্ট, যেখানে একটি ঘটনাকে দেখানো হয়েছে কয়েকটি চরিত্রের ভিন্ন দৃষ্টিতে। নির্মাতার ভাষায়, গল্পটি বিভিন্ন দৃষ্টিতে বলা হলেও কোনটা সত্য আর কোনটা নয়, তার সিদ্ধান্ত নেবেন দর্শকই। দর্শকই এখানে মূল বিচারক।
২৪ নভেম্বর মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যায় এক পার্টি, বন্ধুদের আড্ডা, একটি নির্দিষ্ট সময়ের স্মৃতি হারিয়ে ফেলা এবং সেই ভুলে যাওয়া সময় ঘিরে পুলিশের তদন্ত। ট্রেলারেই বোঝা যায়, গল্পটি শুধু বন্ধুত্ব বা একটি ভুলে যাওয়া রাতের নয়; এটি স্মৃতি, ভয়, অনিশ্চয়তা আর অপরাধবোধের গভীরতর স্তর স্পর্শ করে।
অভিনয়ে থাকছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল ও সামিরা খান মাহি। সঙ্গে আরো আছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ ও রেহনুমা আলম ঐশী।
মিথিলা ও সামিরা খান মাহির বন্ধুত্ব বেশ পরিচিত হলেও এটি তাদের প্রথম যৌথ কাজ। মাহি জানান, মিথিলার কারণেই তিনি এ কনটেন্টে যুক্ত হয়েছেন। পহেলা বৈশাখের দিনে শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল বেশ স্মরণীয়, সকালে পুলিশের চরিত্রে একটি অ্যাকশন দৃশ্যধারণ শেষে দুপুরে একই শাড়ি পরে বৈশাখ উদ্যাপনে যোগ দেন তিনি।
রোমান্টিক চরিত্রে পরিচিত রেহান এখানে পেয়েছেন অন্য রকম একটি চরিত্র, ছাত্রজীবনের রাফটাফ টোন, সামান্য রোমান্টিকতা আর বাস্তবতার ছোঁয়া। রেহান জানান, জাহিদ প্রীতম তার প্রিয় নির্মাতা, তাই তিনি যেমনটি চান, তেমনভাবেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তরুণ অভিনেতা সৌম্য জ্যোতি মনে করেন, ‘উৎসব’ ছবির পর দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে, থার্সডে নাইটেও সে প্রত্যাশা ধরে রাখতে তিনি আত্মবিশ্বাসী।
রোমান্টিক কনটেন্ট নির্মাণ করলেও মিস্ট্রিই আসলে তার প্রিয় ঘরানা, জানান নির্মাতা জাহিদ প্রীতম। তিনি আরো জানান, থ্রিলার ঘরানায় কাজ বেশি হচ্ছিল বলেই তিনি রোমান্টিক কনটেন্ট বানিয়েছেন। তবে মিস্ট্রি তার ভীষণ পছন্দের। থার্সডে নাইট নির্মাণের আগে বিভিন্ন দিক ভালোভাবে অধ্যয়ন করেছেন, তার পরই কাজটিতে আত্মবিশ্বাস পেয়েছেন। চরকির সঙ্গে কাজ করলে ভিন্ন স্বাদের গল্পে হাত দেয়ার আগ্রহও বেড়ে যায় বলে জানান তিনি।
আলফা–আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত থার্সডে নাইট একটি ফ্ল্যাশ ফিকশন, যেখানে জীবনের ছোট ছোট মুহূর্তকে সিনেমাটিক রূপে তুলে ধরা হয়েছে। গল্পের ব্যাপ্তি ছোট হলেও এর আবহ, রহস্য আর অনুভূতি দর্শকের মনে দীর্ঘ সময় রয়ে যেতে পারে। থার্সডে নাইট চরকির অরিজিনাল কনটেন্ট নয়, এটি জানিয়েছে চরকি কর্তৃপক্ষ। তবু নির্মাণশৈলী, চরিত্র ও রহস্যময় পরিবেশের জন্য এটি বছরের শেষের দিকে আলোচনায় থাকার মতো একটি কাজ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










