শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। আজ রোববার বিকাল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। পুরস্কার ঘোষণার পাশাপাশি বিজয়ীদের হাতে তা তুলে দেয়া হয়। বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন দেশ-বিদেশের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
এবারের আয়োজনে চিলড্রেন ফিল্মস বিভাগে বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে চেন কুংহু পরিচালিত চীনের সিনেমা ‘কুইংটন এন্ড কুইহুয়া’। অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘ড্রেইনড বাই ড্রিমস’। বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’। সিনেমাটি নির্মাণ করেছেন জিন হু।
ওমেন্স ফিল্মমেকার বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে ফিলিপাইনের সিনেমা ‘বেনেথ দ্য বেজ’। একই বিভাগে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম নির্বাচিত হয়েছে জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার ‘লিটল সিরিয়া’।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে আলি আল হাজরি পরিচালিত কাতারের সিনেমা ‘আই লে ফর ইউ টু স্লিপ’। বেস্ট ডকুমেন্টারি ফিল্ম হয় ক্লাউডিয়া বেলাসি ও মারকুস স্টেইনার এন্ডারের নির্মিত ‘দ্য গার্ডিয়ান অব স্টোরিস’। বেস্ট ফিকশন ফিল্মের পুরস্কার জিতে নেয় দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘আ ভাস্ট অ্যালগরিদম অব হিউমিনিটি: দ্য মুভি’।
এদিকে পলিনা কোন্ড্রাতেবা নির্মিত রাশিয়ার সিনেমা ‘ফ্রম স্ক্রেচ’ পেয়েছে বেস্ট ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পান কিরগিজস্তানের নির্মাতা এইজদা আমাঙ্গেলডে। তার সিনেমা ‘দ্য সেভেন্থ মান্থ’।
আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ তার সিনেমা ‘আ লোনলি পারসন মনোলোগ’ এর জন্য উৎসবে সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন। উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে কিরগিজস্তানের ‘কুরাক’। সিনেমাটি যা যৌথভাবে পরিচালনা করেছেন এরকা জুমাকমেটোভার ও মিল আটাগেলডিভ।










