দীর্ঘদিন পর নির্মাতা জাকির হোসেন রাজু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এফডিসির প্রযোজনাধীন ‘চাদর’ সিনেমাটি পরিচালনা করবেন তিনি। টানা ৩৫ বছর পর প্রযোজনায় এসেছে বিএফডিসি। সিনেমার গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলী। এরই মধ্যে ‘চাদর’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাহমিদা নবী। গত শুক্রবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। গানের শিরোনাম ‘পুবের আকাশ’। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু, সুর-সংগীত করেছেন সোহেল রাজ। শিগগিরই কক্সবাজারে গানটির দৃশ্যায়ন হবে।

এ নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘আমার যতদূর মনে পড়ে কোনো অনুদানের সিনেমায় আমি আগে গান গাইনি, এবারই প্রথম। অনেকদিন পর কোনো সিনেমায় গান গেয়েছি। গানের কথা আমার ভীষণ ভালো লেগেছে। সোহেল রাজ গানটির সুর-সংগীতও ভালো করেছেন। আমার নিজেরও গানটি ভালো লেগেছে। আশা করছি সিনেমার পর্দায় গানটির যথাযথ চিত্রায়ণও ভালো লাগবে দর্শকের।’

গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ক্লাবে একটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করেন ফাহমিদা নবী। অস্ট্রেলিয়ায় ফাহমিদা নবী ও তার তিন ভাই-বোন সামিনা চৌধুরী, পঞ্চম ও অন্তরা সংগীত পরিবেশন করেছেন সিডনি, অ্যাডিলেড ও মেলবোর্নে। সেখানে তারা তাদের প্রয়াত বাবা মাহমুদুন্নবীর গানও পরিবেশন করেছেন। ফাহমিদা নবীর নিজের লেখা ও সুর করা দশটি গানের অ্যালবাম ‘কারিগরি’ শিগগিরই প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। গানগুলো গেয়েছেন ফাহমিদা নবীর শিক্ষার্থীরা। তার নিজস্ব ইউটিউব চ্যানেলেই গানগুলো প্রকাশ পাবে। ফাহমিদা নবী সাধারণত ক্ল্যাসিক্যাল ও আধুনিক ধাঁচের গান করেন। তার গাওয়া বেশির ভাগ গানই পেয়েছে দর্শকপ্রিয়তা। ২০০৭ সালে ‘আহা!’ সিনেমায় লুকোচুরি লুকোচুরি গল্প গানটির জন্য তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এছাড়া এর আগে চাদর সিনেমার জন্য রেকর্ড করা হয়েছে ‘বুকের খাঁচা’ গানটি। এটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও স্বরলিপি। গানের কথা লিখেছেন নির্মাতা নিজেই। তাতে সুর বসিয়েছেন এসআই শহীদ এবং সংগীতায়োজন করেছেন অনিক শাহান। এ সিনেমায় সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।