খ্রিস্ট ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর পৃথিবীজুড়ে গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়। বড়দিন উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠান থাকছে টেলিভিশনের পর্দায়। বড়দিন উপলক্ষে সম্পূর্ণ নতুন রূপে আসছে দুরন্ত টিভিতে উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ২’। নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার এবং মূল ভাবনা ও নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। 

নাটকটি নিয়ে পার্থ প্রতিম হালদার জানান, অবসরপ্রাপ্ত ডাক্তার সফদর চৌধুরীর বাড়িতে পাঁচটি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের বসবাস। এ পরিবারগুলো একই ভবনের একেক তলায় ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকলেও সবাই মিলে একটি পরিবারের মতো বসবাস করে। প্রতিদিনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা তারা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করে। একজনের বিপদে অন্যরা এগিয়ে আসে। খেলাধুলা, দুষ্টুমি আর আনন্দ উৎসবে সবসময়ই এদের শিশুরা একসঙ্গে থাকে আর প্ল্যান করে কীভাবে ইউটিউব চ্যানেলে নতুন নতুন কনটেন্ট তৈরি করা যায়। এবার ক্রিসমাস উপলক্ষে সেসব কনটেন্ট তৈরি করতে গিয়ে ঘটতে থাকে একের পর এক মজার সব ঘটনা। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, কাওসার এবং অন্য চরিত্রে আবুল হায়াত, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমন ও আরো অনেকে। দুরন্তর শুভ বড়দিনের আয়োজনে ‘হৈ হৈ হল্লা-সিজন ২’ নাটকটি দেখা যাবে আজ বেলা ১১টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বড়দিনের এ উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশনও। থাকছে গান, নাটক, সিনেমাসহ বিশেষ অনুষ্ঠান। বৈশাখী সকালের গানে অংশ নেবেন বর্ণালি বিশ্বাস শান্তা। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে। বেলা ১টায় রয়েছে বড়দিন স্পেশাল ‘শুধু সিনেমার গান’। প্রযোজনা নিকোলাস হীরা। রাত ১০টায় প্রচার হবে বড়দিনের নাটক ‘জোড়া শালিক’। হাসিব হোসেন রাখীর চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তৌসিফ, তটিনী, হিন্দোল রায়, পাপিয়া, শাহীন মৃধা প্রমুখ।

বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ শুভদিন আজ বড়দিন’। সুষমা সরকারের উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, অণিমা মুক্তি গোমেজ, কামরুজ্জামান রাব্বি। এছাড়া নৃত্য পরিবেশনায় থাকবেন ওয়ার্দা রিহাব ও তার দল এবং খ্রিস্টান সম্প্রদায়ের শিল্পীরা।