দিলীপ কুমার-সায়রা বানু ছিলেন নিঃসন্তান দম্পতি। বলিউডের কিং খান শাহরুখকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন দিলীপ কুমার। দিলীপ কুমারকে অভিনয়জীবনের আইডল মানতেন কিং খান। এ অভিনেতার মৃত্যুর সংবাদে তাই ছুটে যান দিলীপ কুমারের বাসভবনে।
গত বছর অসুস্থতা থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠা দিলীপ কুমারকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান। জীবন্ত কিংবদন্তির সঙ্গে কিং খানের সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। ছবিতে যে পরম যত্নে দিলীপ কুমারকে জড়িয়ে থাকতে দেখা যায় কিং খানকে, তা থেকেই বোঝা যায় ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম খানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল বলিউডের বাদশার। শুধু শাহরুখ খানই নন, আমির খান ও সলমান খানের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল দিলীপ কুমারের।
সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া একটি সাক্ষাত্কারে সায়রা বানু বলেন, ‘আমি দেখেছিলাম শাহরুখ ঈশ্বরের কাছে দিলীপের জন্য দোয়া করে ওর মুখে ফুঁ দেয়। দিলীপের ৮৯তম জন্মদিনেও এসেছিল ও। আমাদের পাশেই বসে ছিল পুরোটা সময়। দিলীপ আর আমার হাত ধরে ছিল শক্ত করে।’ কথায় কথায় উঠে এসেছিল শাহরুখ খানের প্রথম ছবি মুক্তির সময়ের নানা স্মৃতি। সায়রা বানু বলেন, ‘আমরা ছবির মহরতে গিয়েছিলাম। সেরিমনিয়াল ক্ল্যাপ দিলীপ দিয়েছিলেন। আমি তো বারবার একটা কথাই বলেছি, আমাদের যদি কোনো ছেলে থাকত, সে শাহরুখের মতোই হয়তো দেখতে হতো। ওর এবং দিলীপের চুলের ধরনও তো প্রায় একই রকম। ঠিক সেই কারণেই শাহরুখের সঙ্গে দেখা হলে ওর চুলে বিলি কেটে দিই। সেদিন এসে প্রথমেই ও আমাকে বলেছিল, আজ আপনি আমার চুলে হাত দিচ্ছেন না তো! কী যে খুশি হয়েছিলাম ওর এ আবদার শুনে।’










