পাকিস্তানি বংশোদ্ভূত জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী আদনান সামি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। কিন্তু হঠাৎই ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে ফেলেছেন তিনি। গতকাল একটি পোস্টে আদনান সামি লিখেছেন, ‘আলভিদা’
(বিদায়)। আদনান সামির এ পোস্টের পর তার ভক্তরা উত্কণ্ঠা প্রকাশ করেছেন। মায়া ইশিয়ারা নামের একজন লিখেছেন, ‘আপনি ঠিক আছেন স্যার?’ তাজমিরা শারমিন নামের এক ভক্ত লিখেছেন, ‘কী হয়েছে স্যার? মনে হচ্ছে আপনার নতুন শুরু। আপনার নতুন কোনো গান অথবা অন্য কিছু?’
বলিউডের জনপ্রিয় এ শিল্পী সম্প্রতি মালদ্বীপে অবকাশ যাপনের ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন। তার ওজন ছিল ২২০ কেজি। অবকাশ যাপনের ছবিতে দেখা যায় ৬৫ কেজি ওজনের আদনান সামিকে। ১৫৫ কেজি ওজন কমানো সামিকে প্রথমে চিনতেই পারেনি ভক্তরা। ২০০৫ সালের দিকে অতিরিক্ত ওজনের কারণে নিয়মিত অসুস্থ হয়ে পড়ছিলেন। ২০০৬ সালের শুরুতে ডাক্তার সাফ জানিয়ে দিয়েছিলেন, ওজন ঝরাতে না পারলে ছয় মাসের বেশি বাঁচবেন না। বেঁচে থাকার তাগিদেই তখন ওজন ঝরানো শুরু করেন সামি। যুক্তরাষ্ট্রে গিয়ে শুরু করলেন সেই কাজ। ওজন কমিয়ে আদনান সামি যে এখন অনেক সুদর্শন হয়েছেন শুধু তা-ই নয়, বয়সও এক লাফে কমে গেছে কয়েক ধাপ। শরীরের পাশাপাশি মনও হয়েছে ফুরফুরে। বেশি ওজনের জন্য আগে হীনম্মন্যতায় ভুগতেন। ওজন কমিয়ে তার মানসিক সমস্যাও দূর হয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে সুখে জীবন পার করছেন। আদনান সামির জন্ম ব্রিটেনে। ২০১৬ সালে তিনি ভারতের নাগরিকত্ব পান। সংগীতে অবদানের জন্য ২০২০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেয়া হয় আদনান সামিকে।










