জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের (২০২১) চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। গত মাসের শেষ দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। সেখান থেকে জানা যায় এবারের বিজয়ীদের নাম। প্রতি বছর বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে। আগামী ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনায় কে থাকবেন এ নিয়ে একটা আগ্রহ থাকে। এবারের এ আয়োজন উপস্থাপনা করতে যাচ্ছেন দেশের ব্যস্ত নায়িকা নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনবার নাচে অংশগ্রহণ করেছিলেন এ অভিনেত্রী। তবে এবারই প্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে নুসরাত ফারিয়া বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি তিনবার পারফরম্যান্সে অংশগ্রহণ করেছি। নাচে নিজের সেরাটা এ অনুষ্ঠানগুলোয় উপহার দেয়ার চেষ্টা করেছি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি। তাই একটু ভয় তো কাজ করছেই। তবে এটাও সত্যি যে উপস্থাপনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি এবং আমার কাছে সবসময়ই উপস্থাপনা ভীষণ চালেঞ্জিং বলেই মনে হয়।’ এ প্রসঙ্গে টেনে কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া বলেন, ‘‌যারা আমাকে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা যেন ঠিকঠাক মতো দর্শকের ভালো লাগার মতো উপস্থাপনা করতে পারি।’ আরজে হিসেবে মিডিয়ায় যাত্রা করেন ফারিয়া, এরপর উপস্থাপনা ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমায়ও নুসরাত ফারিয়া অভিনয় করেছেন। দুই বাংলাতেই পরিচিত মুখ ফারিয়া। নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘অপারেশন সুন্দরবন’।