বলিউডের খ্যাতিমান অভিনেতা অভিতাভ বচ্চন ও দক্ষিণি তারকা রাশমিকা মান্দানাকে এবার ‘গুডবাই’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো একই সঙ্গে দেখা যাবে। সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়ে দুই তারকার ভক্তদের আগ্রহ ছিল শুটিং শুরু হওয়ার পর থেকেই। অবশেষে জানা গেল আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গুডবাই’। একতা কাপুর আর কাপুরের বালাজি মোশন পিকচার্স সিনেমাটি প্রযোজনা করেছে। বালাজি মোশন পিকচার্সের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে গতকাল।

সিনেমাটির কাজ শেষ করা হয়েছিল গত বছরেই। বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’তে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা। এছাড়া এ সিনেমায় থাকছেন পাভেইল গুলাটি, নীনা গুপ্তা, এলিসহ একঝাঁক তারকা। জীবন, পরিবার ও সম্পর্কের গল্প নিয়ে এ সিনেমা। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই বড় পর্দায় মুক্তির মাধ্যমে বক্স অফিসে নিজস্ব অবস্থান তৈরি করতে যাচ্ছে সিনেমাটি, এমনই প্রত্যাশা নির্মাতাদের।

২৬ বছর বয়সী রাশমিকা মান্দানা তার প্রথম কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে দর্শকের মন জয় করে নেন। এরপর একের পর এক বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী। রাশমিকার ক্যারিয়ারের অন্যতম বক্স অফিস হিট সিনেমা ‘পুষ্পা দ্য রাইস’। এ সিনেমার মধ্য দিয়ে বড় পরিসরে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অবশেষে ‘গুডবাই’ দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর। একটি পডকাস্ট শোতে এসে রাশমিকা জানিয়েছিলেন এ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে। তিনি বলেছিলেন, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা ছিল এককথায় অসাধারণ। আপনি যখন একটি দীর্ঘ সময় শুটিং করেন, তখন সেটের অন্যান্য অভিনেতার সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়ে কাজ করতে পারবেন। এটা অসাধারণ একটি বিষয়, যেটা সেরা পারফরম্যান্স নিয়ে আসবে। এ সিনেমায় কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি।’

বর্তমানে বলিউডের একাধিক সিনেমায় কাজে ব্যস্ত আছেন রাশমিকা। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমাতেও দেখা মিলবে এ দক্ষিণি তারকার। শান্তনু বাগচি পরিচালিত মিশন মঞ্জু সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা, যেখানে তার বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ মালহোত্রা।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস