ভারতে সত্তরের দশকের নকশালবাড়ি আন্দোলন শুধু উপমহাদেশের রাজনীতিই নয়, বিপুলভাবে প্রভাবিত করেছে এ অঞ্চলের বিভিন্ন ভাষার সাহিত্য, চলচ্চিত্রকেও। নকশাল আন্দোলন মূলত মাওবাদী সশস্ত্র সমাজতান্ত্রিক সংগ্রাম, যা এখনো ভারতের বেশকিছু রাজ্যে শক্তিশালী। নকশালবাড়ি বা মাওবাদী আন্দোলন নিয়ে বলিউডে বেশকিছু চলচ্চিত্রও সময়ে সময়ে নির্মিত হয়েছে। সম্প্রতি জি ফাইভে শুরু হয়েছে নকশালবাড়ি নামের একটি ওয়েব সিরিজ। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজীব খাণ্ডেলওয়াল ও আমীর আলী। সমালোচকরা বলছেন, ভারতীয় সমাজ-রাজনীতির উপেক্ষিত কিন্তু প্রভাবসঞ্চারী একটি বিষয় নিয়ে জরুরি সামাজিক-রাজনৈতিক আখ্যান পাওয়া যাচ্ছে এ ওয়েব সিরিজে।

‘আমরা লাল পতাকার বাহক। আমরা বিপ্লবী নকশাল’—ওয়েব সিরিজে ভেসে আসা উত্তপ্ত কণ্ঠনিঃসৃত বাক্য দুটো দর্শককে জানিয়ে দেয় ‘নকশালবাড়ি’র মূল কথাটি। ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নকশাল আন্দোলন নিয়ে গভীর রাজনৈতিক ও সামাজিক বক্তব্য দেয়াটা দুর্লভ হলেও এ ওয়েব সিরিজটিকে ব্যতিক্রম বলা হচ্ছে। নকশাল আন্দোলন নিয়ে এমন গভীর, বিস্তৃত কাজ মূলধারার মিডিয়াতে এটাই প্রথম বলে অনেকে মত দিয়েছেন।

নকশালবাড়ি পরিচালনা করেছেন পার্থ মিত্র এবং প্রযোজক হিসেবে আছেন অর্জুন সিং বরণ ও কার্তিক নিশানদার।

একজনের ব্যক্তিগত জীবনের কাহিনীতে হাজির হয়েছে নকশাল আন্দোলনের নানা দিক, সরকারের ভূমিকা, সমাজ-রাজনীতি নিয়ে বিবরণী। ওয়েব সিরিজটি ৯ পর্বের। মূল চরিত্র নিরাপত্তা বাহিনীর বিশেষ এজেন্ট রাঘব জোশী। গড়চিরোলি অঞ্চলে নকশাল আন্দোলেনের পুনরুত্থান দমাতে অভিযান চালাতে হাজির হয় রাঘব। কিন্তু শুরুতেই রাঘব বন্ধু ও সহকর্মী মোহিতকে হারিয়ে বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়ে নেয়।

সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিককে মানানসই বলা হচ্ছে। সমালোচকরা সিরিজের সংলাপের বেশ প্রশংসা করেছেন। সংলাপ লিখেছেন পুলকিত রিশি ও প্রহার বিহান। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন হরি নায়ার ও মধুরা পালিত।

রাঘবের চরিত্রটির মনস্তাত্ত্বিক গভীরতা রয়েছে। শুধু মাওবাদীদের বিরুদ্ধে তার লড়াই নয় বরং বিভিন্ন সম্পর্ক নিয়েও আছে তার নানা টানাপড়েন, আবেগ-ভালোবাসা। পর্যবেক্ষকরা মনে করছেন এর প্রথম সিজন শেষ হলে দর্শকরা অবশ্যই দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করবেন।

 

সূত্র: পিংকভিলা