গতকাল মুক্তি পেয়েছে ‘শাটিকাপ’ নির্মাতা তাওকীর ইসলামের ‘সিনপাট’। শাটিকাপের মতো এবারো তিনি নতুন মুখ নিয়ে এসেছেন। ২০২২ সালে দেশের আলোচিত ওয়েব সিরিজ ছিল শাটিকাপ। একঝাঁক অপরিচিত মুখ নিয়ে দর্শকের মন জয় করেছিলেন তরুণ এ নির্মাতা। দুই বছর পর ফের রাজশাহীতে বসেই বন্ধু ও পরিচিতদের নিয়ে বানিয়ে ফেলেছেন সিনপাট সিরিজটি। ক্রাইম থ্রিলার জনরার এই ওয়েব সিরিজ চরকিতে মুক্তির পরই প্রশংসা কুড়াচ্ছে। 

সিরিজটিতে অভিনয় করেছেন সোহেল শেখ, মোহাম্মদ রিফাত বিন মানিক, জিন্নাত আরা, শিবলী নোমান। এতে যারা অভিনয় করেছেন তারা সবাই নতুন। আবারো নতুন তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে তাওকীর বলেন, ‘নতুন মানুষ নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছোট থেকেই। নতুনদের নিয়ে কাজ করলে নতুন টেকনিক শেখা যায়। আবার নতুন অভিজ্ঞতাও হয়। এছাড়া আমাদের এবারের মূল কাস্ট যিনি, তিনি একদমই নতুন। তাকে শেইপে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছে।’

ওয়েব সিরিজটিতে দেখা মেলে সোহেল নামের একজনের। সে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে তালা খোলায় এক্সপার্ট ফাজু নামের একজনকে সঙ্গে নিয়ে নতুন এক শহরে আস্তানা গাড়ে। সেখানে গিয়েও অপরাধ তাদের পিছু ছাড়ে না। সঙ্গে যুক্ত হয় এলাকার নেশাদ্রব্য বিক্রেতা দুরু। এদিকে ধুরন্ধর সাংবাদিক হাবিবুল বাশার তাদের আগের অপরাধের সন্ধান করে এসে পৌঁছায় এখানেও। সবদিক থেকে শুরু হয় সিনপাট। এ নিয়েই এগিয়ে যায় সিরিজটির গল্প। 

সিরিজের নাম কেন ‘সিনপাট’, এমন প্রশ্নের উত্তর পরিচালক তাওকীর ইসলাম নিজেই দেন। তিনি বলেন, ‘সিরিজের নাম আসলে কী হবে, এটা নিয়ে অনেক ভেবেছি আমরা। বহু নাম প্রাথমিকভাবে মাথায় ছিল। হুট করে একদিন সিনপাট নামটা সামনে আসে। এটা মূলত আমাদের প্রটাগোনিস্ট সোহেল ভাইয়ের কাছ থেকে এসেছে। শব্দটা পাবনার নগরবাড়ীর লোকাল একটা শব্দ। যেটা আমাদের কাজকে রিফলেক্ট করে।’

সিরিজটির মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন কলকাতার জনপ্রিয় মিউজিক ডিরেক্টর নবারুণ বোস। সাউন্ড ডিজাইনে ছিলেন আদীপ সিং মানকি। মেকআপ ও কস্টিউমের কাজটি একা হাতে সামলিয়েছেন সাথী আকতার। আর্ট ডিরেকশন দিয়েছেন অমিত রুদ্র। 

সিনেমা নিয়ে দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে পড়ালেখা করেছেন তাওকীর। নিজ জেলায় বসেই সেখানকার স্থানীয় অভিনেতাদের নিয়ে সিরিজ নির্মাণ করেন তিনি। দুটি ওয়েব সিরিজেই সে ধারা বজায় রেখেছেন এ নির্মাতা। আগামীতেও এভাবেই কাজ করার কথা জানান তাওকীর।