আজ প্রকাশ হলো সৃজিত মুখার্জি পরিচালিত ‘‌দশম অবতার’ সিনেমার ফার্স্ট লুক। সৃজিত তার নিজের ফেসবুক থেকে এ সিনেমার চারটি ক্যারেক্টার লুক প্রকাশ করেছেন। এদের মধ্যে আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া আহসান। ফার্স্ট লুকে প্রসেনজিৎকে সিগার হাতে বসে থাকতে দেখা যাচ্ছে। প্রসেনজিতের লুকে প্রবীর রায় চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে সহজেই। যীশুকে দেখা গেল ঝাঁকড়া চুলে। অনির্বাণ অনেকটাই রাফ অ্যান্ড টাফ। জয়া আপাতত সাদামাটা। কিন্তু তার চোখেমুখেও দৃঢ়তার ছাপ স্পষ্ট। 

সৃজিত তার ফেসবুকে সিনেমাটির মোশন পোস্টারও শেয়ার করেছেন। পোস্টারেও এ চারজনকেই দেখা যাচ্ছে। সিনেমায় আবীর চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলীরও থাকার কথা। অবশ্য আবীর ও পরম নাও থাকতে পারেন। কেননা এ সিনেমা মূলত বাইশে শ্রাবণের প্রিকুয়াল। এ থেকেই বোঝা যায়, বাইশে শ্রাবণ ও দ্বিতীয় পুরুষ থেকে ভিন্ন হতে যাচ্ছে দশম অবতার।

যীশু সেনগুপ্তর চরিত্রটি কী হতে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। ‘‌কপ ইউনিভার্স’ কথাটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এবং সিনেমাটি সৃজিতের কপ ইউনিভার্স হতে যাচ্ছে তাতে সন্দেহ নেই। কেউ কেউ মনে করছেন ‘‌ভিঞ্চিদা’র এসিপি পোদ্দারকে আনা হচ্ছে এখানে, কিন্তু অনির্বাণের লুক সে কথা বলছে না। তবে বাইশে শ্রাবণই যে দশম অবতারের আঁতুড়ঘর তাতে কোনো সন্দেহ নেই।

দশম অবতারের মধ্য দিয়ে অনেকদিন পর সৃজিতের পরিচালনায় অভিনয় করছেন যীশু। এর আগে সিনেমার লোগো প্রকাশের দিন এ নিয়ে কথা বলেছিলেন তিনি। যীশু বলেন, ‘‌অনেক বছর পর সৃজিতদার সঙ্গে আবার কাজ করব। বুম্বাদার সঙ্গেও। এ ফ্র্যাঞ্চাইজি প্রচণ্ড জনপ্রিয়। সেখানে আমিও একজন। ভালো লাগছে।’ সিনেমার নাম ‘‌দশম অবতার’ কেন তা এখনো প্রকাশ করেননি সৃজিত। হতে পারত, ১০ জন চরিত্র বা কপ আছেন। কিন্তু তেমন দেখা যাচ্ছে না। এদিকে অনির্বাণ জানাচ্ছেন‌, সিনেমায় তিনি নবম অবতার। কারণ আগামী সিনেমা দিয়ে সৃজিতের পরিচালনায় মোট নয়টি কাজ হবে তার। 

২০১১ সালে মুক্তি পাওয়া বাইশে শ্রাবণ সৃজিত মুখার্জি পরিচালিত সবচেয়ে জনপ্রিয় সিনেমা। কপ থ্রিলারের মধ্য দিয়ে তিনি আবার পরিচয় করিয়ে দিয়েছিলেন হাংরি জেনারেশনের সঙ্গে। সিনেমাটির সিকুয়াল দ্বিতীয় পুরুষ তিনি এনেছিলেন ২০২০ সালে। দ্বিতীয় পুরুষকে দর্শক ততটা পছন্দ করেননি। এবার দেখা যাক, দশম অবতার কী করতে পারে। সিনেমাটি মুক্তি পাবে দুর্গা পূজায়।