পঞ্চাশ দশকের ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানে ছিলেন মধুবালা। এ অভিনেত্রীর অভিনয় আর সৌন্দর্য আজও মুগ্ধ করে দর্শককে। এ নায়িকার জীবন নিয়ে সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করেছেন তার বোন মধুর ভূষণ। গত জুলাইয়ে তিনি সিনেমা নির্মাণের বিষয়টি নিয়ে জানিয়েছেন। তবে নতুন খবর হলো এবার অভিনেত্রীর বোনের বিরুদ্ধে ১ কোটি রুপির মামলা করেছেন লেখিকা সুশীলা কুমার।
‘মধুবালা দর্দ কা সাফার’ সুশীলার লেখা অন্যতম বই। সুশীলার অভিযোগ তার অনুমতি ছাড়াই বইটির স্বত্ব কিনে নিয়েছেন মধুর ভূষণ। এজন্য মামলা করেছেন লেখিকা। তবে এ নিয়ে এখনো কিছু বলেননি মধুর। তবে লেখিকার পক্ষের উকিল বলেছেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক নয়। অভিনেত্রী সম্পর্কিত যে তথ্য বইয়ে আছে তা অনেকেরই জানা। অভিনেত্রীর জীবনকে কেন্দ্র করে কোনো তথ্য সম্পূর্ণ কারও নিজস্ব, তেমনটা কেউই দাবি করতে পারে না।’ বেশ কয়েক বছর ধরেই দিদি মধুবালার জীবন নিয়ে সিনেমা নির্মাণ করার পরিকল্পনা ছিল মধুর। তবে কাজ শুরুর আগেই আপত্তি জানালেন সুশীলা। এখন এ সিনেমার ভবিষ্যৎ কী হয় তা দেখার পালা।
মমতাজ জাহান নাম দিয়ে অভিনয় শুরু করলেও অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা। পরবর্তী সময়ে তিনি এ নামেই সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। তার সমসাময়িক নায়িকা ছিলেন নার্গিস ও মীনা কুমারী। তবে সে সময়ে তাকেই হিন্দি সিনেমার সর্বাধিক প্রভাবশালী অভিনেত্রী হিসেবে দেখা হয়। এমনকি দর্শক ও সিনেমা নির্মাতাদের মতে, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী মনে করা হয় তাকে। মধুবালা শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিনয় শুরু করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে নায়িকা হিসেবে বড় পর্দায় হাজির হন কিদার শর্মার ‘নীলকমল’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন রাজকাপুর। ১৯৪৯-৬৪ সাল পর্যন্ত অভিনয় জীবনে প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন মধুবালা। ‘মুঘল-ই-আজম’ মধুবালার জীবনের অন্যতম সিনেমা। সিনেমাটি ১৯৬০ সালে মুক্তি পায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










