ভাষার মাসে ভাষা আন্দোলনের রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াই ও সংগ্রামের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘অবিনশ্বর’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০মিনিটে এ প্রামাণ্য চলচ্চিত্রের প্রথম প্রদর্শনীর আয়োজন হয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে ফাখরুল আরেফিন খানের পরিচালনায় ও গড়াই ফিল্মসের প্রযোজনায় প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি ও বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম উপস্থিত থাকবেন।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি আইনজীবী, সমাজকর্মী ও ভাষা সৈনিক। যিনি দেশভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন। তিনি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের সব কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলায়ও রাখার দাবি উত্থাপন করেছিলেন। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাক বাহিনী ও তার দোসররা ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছোট ছেলে দিলীপকুমার দত্তকে ধরে নিয়ে যায় এবং ময়নামতি সেনানিবাসে নির্যাতন করে হত্যা করে। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চিরস্মরণীয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য হলো বাংলা ভাষার এ মহান সৈনিককে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা।










