রীতিমতো তোলপাড় করে ফেলল শাহরুখ খান অভিনীত জওয়ান। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দুইদিনেই সারা বিশ্ব থেকে তুলে নিয়েছে ২০০ কোটি রুপি। জওয়ান প্রথম দিন ভারতের বক্স অফিসে আয় করেছিল ৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় করে ৫৩ কোটি রুপি। ফলে এ দুদিনে ভারতের বক্স অফিস থেকে জওয়ান তুলে নিয়েছে ১২৮ কোটি রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, সিনেমাটি দুদিনে মোট আয় করেছে ২০০ কোটি রুপি। এদিকে লাইভমিন্ট বলছে, এর মোট আয় ১৯৭ কোটি ৫০ লাখ রুপি। 

মুক্তির প্রথম দিন জওয়ান দেখতে থিয়েটারে গিয়েছিল প্রায় ৪০ লাখ দর্শক। তবে সে তুলনায় দ্বিতীয় দিন দর্শক আগমন ছিল কম। ওপেনিংয়ের তুলনায় শুক্রবার দর্শকসংখ্যা ২৮ দশমিক ৮৬ শতাংশ কম ছিল। শুক্রবার সিনেমাটি হিন্দি সংস্করণ থেকে দ্বিতীয় দিন আয় করেছে ৪৭ কোটি রুপি। তামিল ও তেলেগু থেকে আয় হয়েছে যথাক্রমে ৩ কোটি ৫০ লাখ ও ২ কোটি ৫০ লাখ রুপি। তবে জওয়ান গতকাল আবার ভালো আয় করেছে। বক্স অফিস বিশ্লেষক সচনিল্ক পূর্বাভাস দিয়েছিল তৃতীয় দিন ৭০ কোটি রুপির মতো আয় করবে সিনেমাটি। কেননা তৃতীয় দিনের জন্য ১১ লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। শো নির্ধারণ হয়েছে ২০ হাজার।

জওয়ান মুক্তির দ্বিতীয় দিনে দেখা গেছে মুম্বাইয়ে অকুপেন্সি রেট ছিল (হলের মোট আসনের তুলনায় দর্শকসংখ্যা) ৪৩ শতাংশ। এনসিআরে ছিল ৫৩ শতাংশ। দুটো ক্ষেত্রেই শনি ও রোববার দর্শক আগমনের হার বাড়বে তাতে সন্দেহ নেই।

এদিকে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট শুক্রবার জানিয়েছে, জওয়ানের আয় ১২৯ কোটি রুপি। বক্স অফিস ইন্ডিয়ার মতে, সিনেমাটি ২৩০ কোটি রুপি আয় করেছে এবং প্রথম সপ্তাহেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে যাবে। শুক্রবারে সানি দেওলের গদর টু ৫১০ কোটি রুপিতে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে গদর টুয়ের আগেই পাঠানের ৫৪৩ কোটি রুপির রেকর্ড ভাঙবে জওয়ান।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস