জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য মানুষেরা। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ৩৬তম পর্বে অতিথি হয়ে এসেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচ। যিনি বংশীবাদক, উপস্থাপক এবং লেখকও বটে। একান্ত আলাপচারিতায় তিনি প্রকাশ করেছেন জাদুর সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্য গল্প। যেসব গল্প অনেক দর্শকেরই অজানা।

জীবনীমূলক এই আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষগুলোর সৃষ্টিশীল কাজের সঙ্গেই কেবল পরিচিত। তবে তাদের ব্যক্তিজীবন সম্পর্কে একটু কমই জানি। এ অনুষ্ঠান মূলত তাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন সম্পর্কে জানানোর অনুষ্ঠান। যে কারণে এরই মধ্যে অনুষ্ঠানটি জায়গা করে নিয়েছে দর্শকের পছন্দের তালিকায়। আশা করি পর্বটিও দর্শকপ্রিয়তা পাবে।’

অতিথি জুয়েল আইচ বলেন, ‘আমি বিশ্বেব্যাপী জাদু দেখিয়েছি। তবে নিজের কথা বলা হয়েছে খুব কমই। বিশেষ করে শৈশব-কৈশোরের কথা। কিন্তু এ অনুষ্ঠানে সেসব কথা বলেছি মন খুলে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

উল্লেখ্য, পর্বটি জিটিভিতে প্রচার হবে আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে।