সঞ্জয় ও সালমানভক্তদের জন্য এবার আসছে সুখবর। দীর্ঘ সময় পর বলিউডের এ দুই সুপারস্টারকে দেখা যাবে একই সঙ্গে। এ অভিনেতাদের শেষ স্ক্রিন ভাগাভাগি করে নিতে দেখা গেছে ‘সাজান’ ও ‘চল মেরে ভাই’ সিনেমায়। এরপর গত ২৪ বছর তাদের একসঙ্গে কোনো সিনেমা সিরিজ এমনকি মিউজিক ভিডিওতেও দেখা মেলেনি। তবে এবার ইন্দো-কানাডিয়ান সংগীতশিল্পী এপি ডিলোনের পরবর্তী মিউজিক প্রজেক্ট ‘ওল্ড মানি’তে থাকছে চমক। সেখানে একই সঙ্গে থাকছেন এ দুই তারকা। শুক্রবার ‘দ্য ব্রাউন মুন্ডে’ নামে প্রযোজনা টিমটি তাদের পরবর্তী কাজ নিয়ে নিজস্ব ইনস্টাগ্রাম প্রফাইলে একটি টিজার প্রকাশ করে, যার মধ্য দিয়ে জানান দেন ওল্ড মানি আসছে।

ভিডিওটি প্রকাশকালে সেখানে সালমান খান ও সঞ্জয় দত্তকেও যুক্ত করা হয়েছিল। সেই সঙ্গে ভারতীয় আরো একজন পরিচিত মুখ র‍্যাপার সিন্ধা কাহলুনকেও দেখা গেছে। এপি লিখেছেন, ‘আমি জানি, তোমরা ভাবছ এটি আসবে না।’ তবে পোস্টারে এপির সঙ্গে দুই তারকার ছবি দেখা গেছে মোশন ভিডিওতে। অভিনেতা সালমান খানকে দেখা গেছে এপির প্রশংসা করতে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান বলেন, ‘গায়ক হিসেবে তো এপি ভালো ছিলই, এখন অভিনয়েও ভালো।’ কারণ মিউজিক ভিডিওর বেশকিছু দৃশ্যে সালমান ও সঞ্জয়ের সঙ্গে দেখা যাবে গায়ক এপিকেও। এছাড়া সালমান খান তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘এপি এবার তার গানের পাশাপাশি অভিনয়ের ক্যারিয়ার নিয়েও ভাবতে পারেন। ’  

সেই সঙ্গে সঞ্জয় দত্তকে দেখা গেছে এপির পোস্টে ব্রাদার্স লিখে তাদের সম্মিলিত এ কাজকে সাধুবাদ জানাতে। ২০১৯-২০২৪ পর্যন্ত মাত্র ছয় বছরের ক্যারিয়ারে গায়ক হিসেবে এপি জয় করে নিয়েছেন দর্শকের ভালোবাসা, হয়ে উঠেছেন ভারতের অন্যতম জনপ্রিয় একজন গায়ক। তবে গত বছর এপির ‘ডুকো’ সিরিজটিই দর্শকের কাছে যেন তাকে অধিক গ্রহণযোগ্য করে তুলে। এর বাইরে গায়ক হিসেবে নিজেকে আরো প্রতিষ্ঠিত করে তুলতে এপি কানাডায়ও তার ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। 

তবে টিজার, পোস্টার মুক্তি পেলেও ওল্ড মানি কবে আসছে এ নিয়ে কিছু জানা যায়নি। আশা করা যাচ্ছে, আগস্টেই মুক্তি পেতে চলেছে সঞ্জয় ও সালমানকে নিয়ে তৈরি নতুন এ মিউজিক ভিডিও।   

সূত্র: হিন্দুস্তান টাইমস