নতুন একটি সিরিজ নিয়ে আসছে চরকি। সেই সঙ্গে থাকছে কয়েকটি চমক। কিছুদিন আগে চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি। যেখানে দেখা যায়, একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ‘কে আসছে চরকিতে?’ আর এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এ পোস্ট নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন।
অবশেষে চরকি নিশ্চিত করল পোস্টের সে রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা ‘তাহসান খান’। তিনি প্রথমবারের মতো অভিনয় করছেন ওটিটিতে। চরকির অরিজিনাল সিরিজ ‘বাজি’তে দেখা যাবে তাহসানকে। এর আগে তাকে নাটকে দেখা গেলেও ওটিটিতে আসেননি। সম্প্রতি অবশ্য একটি রিয়ালিটি শো হোস্ট করার কথা হয়েছে। তবে ওয়েব সিরিজে এই প্রথম আসছেন তাহসান। আর তার সঙ্গে এ সিরিজে থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা।
আরিফুর রহমান পরিচালনা করেছেন ‘বাজি’। নির্মাতারা জানাচ্ছেন তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রেই দেখা যাবে। তবে তিনি বাস্তবের কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা, তা নিশ্চিত করা হয়নি।
সিরিজের গল্প কী নিয়ে? নির্মাতারা জানিয়েছেন ক্রিকেটকে ঘিরে বাজির যে প্রভাব তা নিয়েই এ সিরিজের গল্প। নানা সময়েই ক্রিকেটের সঙ্গে বাজির যোগসূত্র পাওয়া গেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ নিয়ে নানা কথা হয়েছে। টিম ও খেলোয়াড়দের ভুগতে হয়েছে বাজির জন্য। এসব নিয়েই এগোবে সিরিজের গল্প।
শিগগিরই চরকিতে আসছে চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’। সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরো অনেকে। মিথিলা ও তাহসান স্ক্রিন শেয়ার করছেন কিনা তা এখনো জানানো হয়নি। তবে তাদের একই কনটেন্টে দেখার বিয়য়টি দর্শক টানবে এতে সন্দেহ নেই।










