জনপ্রিয় সুপারহিরো সিনেমা স্পাইডারম্যানের প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন টোবি
ম্যাগুয়ার। অনেক দর্শকের কাছে শৈশবের স্পাইডারম্যান মানেই টোবি। তাকে মিস করে না এমন মানুষ পাওয়া যাবে না। ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’
সিনেমায় স্পাইডারমানের পোশাকে আবার দেখা যায় এ সুপার হিরোকে। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন টোবি ম্যাগুয়ার। ২০০২-০৫ সাল পর্যন্ত স্পাইডারম্যান সিনেমার তিনটি সিক্যুয়েলে স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করেন টোবি ম্যাগুয়ার।
১৪ বছর পর স্পাইডারম্যানের পোশাক পরে কেমন লেগেছে, এ নিয়ে কথা বলেন টোবি ম্যাগুয়ার। ৪৬ বছর বয়সী এ অভিনেতা বলেন, ‘এত বছর পর স্পাইডারম্যানের পোশাক পরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিছুটা অস্বস্তিও লাগছিল। আমি মনে করি, পোশাকটার একটা শক্তি রয়েছে। পোশাকটি পরে স্পাইডারম্যান চরিত্রের সঙ্গে মিশে যেতে পারি। এটা আমার কাছে অনেক বড় বিষয়। এজন্য আমি কৃতজ্ঞ।’
এত বছর পর স্পাইডারম্যানের পোশাকে টোবিকে দেখে ভক্তরাও নস্টালজিক হয়ে পড়ে। প্রকৃতপক্ষে ভক্তরা শুরু থেকে এ অভিনেতাকেই দেখতে চাচ্ছিল স্পাইডারম্যান হিসেবে।
গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’
সিনেমাটি। ২০০৭ সালের পর স্পাইডারম্যান চরিত্রে পরিবর্তন আসে। ২০১২ ও ২০১৪ সালে অ্যান্ড্র গারফিল্ড দি অ্যামেজিং স্পাইডারম্যান ও দি অ্যামেজিং স্পাইডারম্যান টু
সিনেমা দুটিতে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন। এর পরও আসে পরিবর্তন। মার্ভেল টম হল্যান্ডকে স্পাইডারম্যান হিসেবে নিয়ে আসে। ২০১৬ সালে ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ারে প্রথম টম হল্যান্ডকে দেখা যায় স্পাইডারম্যানের চরিত্রে।
স্পাইডারম্যান: নো হয়ে হোম সিনেমায় টম হল্যান্ডের সঙ্গে টোবি ম্যাগুয়ার ও অ্যান্ড্র গারফিল্ডকে ফিরিয়ে আনে মার্ভেল। সেই সঙ্গে ফিরিয়ে আনা হয় তাদের ভিলেনদেরও। পুরনো হিরো ও ভিলেনদের ফিরে পেয়ে স্পাইডারম্যানের ভক্তরাও দারুণ খুশি, যার প্রভাব পড়ে বক্স অফিসে। সনির এ কমিক বুক অ্যাডভেঞ্চার সিনেমাটি মুক্তির ষষ্ঠ সপ্তাহেই আয় করে ১৬৯ কোটি ডলার। এ আয়ের মধ্য দিয়ে জুরাসিক ওয়ার্ল্ড ও দ্য লায়ন কিংকে টপকে গিয়েছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রের বাইরে এখন পর্যন্ত ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আয় করা সিনেমার অবস্থানে রয়েছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। এছাড়া এ স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করা টম হল্যান্ডের বাড়ি যুক্তরাজ্যে। সেখানকার বাজারে এ পর্যন্ত আয় করেছে ১১ কোটি ৬০ লাখ ডলার। বর্তমান সময়ে বিশ্বে চলচ্চিত্রের সবচেয়ে বড় বাজার চীনে মুক্তি পাওয়ার আগেই আয়ের হিসাবে রেকর্ড বই এলোমেলো করে ফেলেছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম সিনেমাটি।
সূত্র: পিংক ভিলা










