বেজবাবা সুমন মানেই নতুন কিছু। লড়াই করা তার বৈশিষ্ট্য। আর গানে বরাবরই নতুনত্ব আনেন তিনি। ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত বছরের সেপ্টেম্বরে ভক্তদের মাঝে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাইদুস সুমন। বেজবাবা নামেই তিনি বেশি পরিচিত। সম্প্রতি নতুন একটি অ্যালবামের খবর তিনি শুনিয়েছেন ভক্তদের। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, এ বছরই আসবে তাদের ব্যান্ড অর্থহীনের একটি অ্যালবাম।

ফেসবুক পোস্টে সুমন লিখেছেন, ‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি না। সারাক্ষণ ব্রেইনস্টর্মিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন! কোনো একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিল। মজার ব্যাপার হলো, একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ কাজটা আমার কাছে অনেক স্পেশাল বলা যেতে পারে। কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।’

তিনি আরো লেখেন, ‘আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকব ১০-১৫ দিনের জন্য বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করতে। গত বছরের শেষে বলেছিলাম, আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়ব। সেটাই হবে।’

বেজবাবা সুমন তার ভক্তদের হতাশ করেননি। একের পর এক ভালো গান উপহার দিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়েও থামেননি। পাকস্থলীর একাংশ কেটে ফেলাসহ ১৫ বারেরও বেশি অস্ত্রোপচার হয়েছে তার। এত কিছুর পরও তিনি সংগীত ও তার সংগীতের ভক্তদের জন্য ভেবেছেন। এখনো কাজ করছেন। তার লড়াকু মনোভাবের কারণেও ভক্তরা নানা সময় তার বন্দনা করে। আশা করা যায়, এবারো কথা রাখবেন সুমন। এ বছরই আসবে অর্থহীনের অষ্টম অ্যালবাম।