প্রতিযোগিতামূলক বাজার, মূল্যস্ফীতি ও বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মাঝে শতাধিক দেশ ও অঞ্চলে সাবস্ক্রিপশন ফি কমিয়েছে নেটফ্লিক্স। স্ট্রিমিং জায়ান্টটির এবারের লক্ষ্য কম দামে বেশি গ্রাহক বাগিয়ে নেয়া। খবর ভ্যারাইটি।

এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মিলিয়ে শতাধিক দেশ ও বাজারে নেটফ্লিক্সের নতুন প্রাইস প্ল্যান বাস্তবায়িত হবে। তবে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপে আগের দামই দিতে হবে।

দাম কমার তালিকায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, একুয়েডর, কেনিয়া, ইরান, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, আলবেনিয়াসহ অনেক দেশ।

বর্তমানে ১৯০টি দেশে নেটফ্লিক্সের বাজার রয়েছে। এখন বাজার বাড়ানোর পরিকল্পনায় নতুন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং ও স্ক্রিন প্রতি মূল্য অন্তর্ভুক্ত।

গত বছরের প্রথমার্ধে প্যারামাউন্ট প্লাস ও ডিজনি প্লাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৭৬ লাখ গ্রাহক যোগ করেছে নেটফ্লিক্স। তবে একই সময়ে সদস্যপ্রতি গড় আয় কমে এসেছে।

নতুন মূল্য তালিকা প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে বলা হয়, আমরা সবসময় গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার উপায় খুঁজি৷ তাই নির্দিষ্ট কিছু দেশে আমাদের পরিকল্পনার মূল্য আপডেট করছি।