নতুন বছরের বাকি আর মাত্র কয়েকদিন। নতুন বছর ঘিরে নতুন সিনেমা নিয়ে ভাবছেন নির্মাতা ও কলাকুশলীরা। এ তালিকায় আছেন ঢাকাই সিনেমার নতুন মুখ আদর আজাদ। প্রথম সিনেমা দিয়েই নজর কেড়েছেন তিনি। দুই বছরের অভিনয়ের ক্যারিয়ারে আরো কয়েকটি সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন এ অভিনেতা। নতুন সিনেমা নিয়ে ভাবছেন পূজা চেরিও। শিশুশিল্পী হিসেবে যাত্রা করা এ অভিনেত্রী নায়িকা হিসেবে ঢাকাই সিনেমায় কাজ করছেন কয়েক বছর হলো। বর্তমানে আদর ও পূজা দুজনই বড় পর্দা নিয়ে ব্যস্ত। আদর আজাদ ও পূজা চেরি একসঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করছেন। আগামী বছর থেকেই তাদের দেখা মিলবে প্রেক্ষাগৃহে।
আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমার কাজ শেষ হয়েছে তাদের। আদর আজাদ জানান, আগামী বছর ভালোবাসা দিবসে নাকফুল সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমার কাজও প্রায় আশি ভাগ শেষ করেছেন আদর ও পূজা। একই প্রযোজক ও পরিচালকের ‘দরদিয়া’ সিনেমার কাজ শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। তাই সহজভাবেই বলা যায়, আগামী বছর হতে যাচ্ছে আদর ও পূজার জন্য গুরুত্বপূর্ণ সময়।
নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে আজাদ বলেন, ‘আমার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল যন্ত্রণা। এখন মুক্তির অপেক্ষায় আছে নাকফুল। নাকফুল, লিপস্টিক আর দরদিয়া—তিনটিই রোমান্টিক ট্র্যাজেডি, রোমান্টিক থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন সিনেমা। তিনটি সিনেমার গল্পই এক কথায় অসাধারণ। আমি ও পূজা দুটো সিনেমায় এরই মধ্যে নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা করেছি। আশা করছি, সিনেমাগুলো একের পর এক মুক্তি পেলে আমরা হয়তো আগামীতে আরো নতুন প্রজেক্ট করতে পারব ইনশাআল্লাহ।’
সিনেমাগুলো প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আদর আজাদ ভাইয়ের সঙ্গে কাজ করতে ভালো লাগে। লিপস্টিক সিনেমায় আমাদের দুজনের কাজ দেখে প্রযোজক পরিচালকের ভালো লেগেছে বিধায় আবারো একই টিমের সিনেমায় কাজ করতে যাচ্ছি আমরা। আশা করছি ভালো হবে।’ পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে নাদের চৌধুরীর ‘জ্বীন’। তার সর্বশেষ দর্শকপ্রিয় আলোচিত সিনেমা হচ্ছে শাকিব খানের বিপরীতে এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’। অন্যদিকে আদর আজাদ গত ঈদে ‘লোকাল’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। আর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা যন্ত্রণার জন্য দর্শকের কাছ থেকে ইতিবাচক মন্তব্য শুনছেন এ অভিনেতা। এবার দেখার পালা আগামী বছর ভালোবাসা দিবসে আদর-পূজা অভিনীত সিনেমা নাকফুল মুক্তি পায় কিনা। এর পরই জানা যাবে নতুন এ জুটিকে দর্শক কীভাবে গ্রহণ করছেন।










