দর্শকপ্রিয় অনেক নাটকে একসঙ্গে অভিনয় করে ছোট পর্দার জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এবার তারা দুজন একটি ওয়েব কনটেন্টে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। যেটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা মাহিন আওলাদ। এর আগে মাহিনের পরিচালনায় নিলয় আলমগীর ও হিমি দুজনেই মিউজিক ভিডিওতে কাজ করেছেন। দুজন এবারই প্রথম তার নির্দেশনায় কোনো ওয়েব কনটেন্টে কাজ করতে যাচ্ছেন। ‘পরাণ পাখি’ নামের কনটেন্টটি ধ্রুব মিউজিকের প্রযোজনায় ধ্রুব টিভিতে দেখা যাবে। চলতি মাসের প্রথম সপ্তাহেই মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে পরাণ পাখির শুটিং হবে। এ নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘এর আগে মাহিনের নির্দেশনায় বেলাল খানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলাম। তার নির্দেশনায় এবারই প্রথম কোনো ওয়েবে কাজ করতে যাচ্ছি। যেহেতু এটি তার প্রথম কোনো গল্প নিয়ে ওয়েব নির্মাণ, তাই মাহিনও কাজটি নিয়ে ভীষণ সিরিয়াস। আমার সঙ্গে কয়েকবার মিটিং করেছেন, তার ভাবনাগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন। আমিও আমার অভিমত প্রকাশ করেছি। এখন শুধু শুটিংয়ের অপেক্ষা। হিমির সঙ্গে একের পর এক নাটকে কাজ করাতে দর্শকই তাদের ভালোবাসা দিয়ে জুটিতে পরিণত করেছে। পরাণ পাখির গল্প মাহিন আওলাদের। চিত্রনাট্য ও সংলাপ ফেরারী ফরহাদের। প্রযোজনা ধ্রুব মিউজিক।