জাকিয়া বারী মম অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ আগামী ৩ মার্চ মুক্তি পেতে  যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। এরই মধ্যে ১১ জানুয়ারি নির্মাতার জন্মদিনে ক্র্যাকপ্লাটুনের কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা প্রাইভেট স্ক্রিনিংয়ে সিনেমাটি উপভোগ করেছেন। যেখানে  জাকিয়া বারী মমসহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীও উপস্থিত ছিলেন। এছাড়া মুক্তির আগেই চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে গত ২০ জানুয়ারি শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। এ সময়ে এর কলাকুশলী ও নির্মাতা উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রদর্শন শেষে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিয়েছেন তারা।

সিনেমাটিতে মম অভিনয় করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। মমর চরিত্রের নাম অপর্ণা সেন। ওরা ৭ জন সিনেমাটি দেখার জন্য দর্শকদের আহ্বান জানিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘মুক্তিযুদ্ধের সিনেমা মানেই সেই গৎবাঁধা কিংবা ছকে বাঁধা সিনেমার ভাবনায় রেখে দেয়া নয়, এখন আর সে সময় নেই। আমি দর্শকদের, বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকদের উদ্দেশে বলব, প্রচলিত ইমেজকে মাথায় না রেখে খোলা মনে আমরা যেমন বই পড়ি, তেমনি খোলা মনে সিনেমাটিও দেখা উচিত। তাহলেই এটি আমরা যথাযথভাবে উপভোগ করতে পারব। আমি এ সিনেমায় কাজ করে ভীষণ তৃপ্ত। সত্যিই দীর্ঘ একটা সময় আমাদের সবাইকে অনেক শ্রম দিতে হয়েছে। দর্শকের কাছে ভালো লাগাটাই আমাদের মূল লক্ষ্য।’  

আসন্ন এ সিনেমা নিয়ে জাগোখ্যাত নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যরা সিনেমাটি দেখার পর বলেছেন যে আমরা পেরেছি মুক্তিযুদ্ধকে তুলে ধরতে। এতেই  আমাদের শক্তি অনেক বেড়ে গেল। দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল।’

মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে এ সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাত জন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির সংগীতের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদীন আবির। এতে গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত। প্রকাশ পেয়েছে ‘মন নৌকাতে’ শিরোনামে একটি গান। এরই মাঝে গানটি দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।