১৯৯৯ সালে মুক্তি পায় বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’। মুক্তির পরই গল্প ও দর্শনের অভিনবত্বে সিনেমার দুনিয়ায় ঝড়ে তোলে ছবিটি। ২০০৩ সালে এই ফ্র্যাঞ্চাইজির পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’
ও ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’
দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
প্রায় দুই দশক পর আসছে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। আগের তিন পর্বের মতো এবারো পরিচালনায় থাকছেন লানা ওকাভস্কি। দুই মাস আগে বহুল প্রতীক্ষিত এ হলিউড সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছিল। ট্রেলারে বড় চশমা পরা বলিউডের দেশী গার্ল প্রিয়াংকা চোপড়াকেও দেখা যায়।
বুধবার ম্যাট্রিক্স রেজারেকশনসের নতুন পোস্টার প্রকাশ করেছেন প্রিয়াংকা। ফিল্মের নতুন পোস্টারটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লিখেছেন, দ্য ম্যাট্রিক্স রেজারেকশনসের এ নতুন দৃশ্যের সঙ্গে ফিরে চলুন ম্যাট্রিক্সে। আসন্ন ক্রিসমাস ডেতে থিয়েটার এবং এইচবিও ম্যাক্সে সিনেমাটি দেখুন।
নতুন পোস্টারে কেন্দ্রীয় চরিত্র নিওর ভূমিকায় দেখা গেছে যথারীতি কিয়ানু রিভসকে। সঙ্গে আরো তিনটি চরিত্র। কিন্তু দেখা মেলেনি প্রিয়াংকা চোপড়ার। পোস্টারটি দেখে তাই নড়েচড়ে বসেছেন প্রিয়াংকাভক্তরা। প্রিয়াংকার পোস্টের নিচে তাদের মন্তব্য—‘পোস্টারে আপনি কোথায়?’
ম্যাট্রিক্স রেভল্যুশনকে সিরিজটি শেষ বলে মনে করেছিলেন ভক্তরা।
তবে তাদের চমকে দিয়ে চতুর্থ পর্ব আনছে ম্যাট্রিক্স। ছবিটি একটি নতুন ট্রিলজির সূচনা নাকি পূর্ববর্তী চলচ্চিত্রগুলো একটি উপসংহার হবে তাই নিয়ে অনুমান করছেন ভক্তরা।
ম্যাট্রিক্স রেজারেকশনে দেখা যাবে নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন। একে-অন্যকে চিনতে পারছেন না তারা। নিও ও ট্রিনিটি আবার ফিরে এসেছে। কীভাবে তারা ফিরেছে সেই রহস্যের ইংগিত লুকিয়ে আছে ছবির নামে। দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস মুক্তি পাবে ২২ ডিসেম্বর।
গত সপ্তাহে লন্ডনে ম্যাট্রিক্স রেজারেকশনসের প্রচারণা শুরু করেছেন প্রিয়াংকা চোপড়া। সেখান থেকে সহশিল্পীদের সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন তিনি।
কিয়ানু রিভস, প্রিয়াংকা চোপড়া ছাড়াও ম্যাট্রিক্স রেজারেকশনসে দেখা যাবে জাডা পিংকেট স্মিথ, ইয়াহিয়া আবদুল মতিন, ক্রিস্টিয়ানা রিচি, জেসিকা হেনউইক প্রমুখকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










