হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠা করেছিলেন সানডান্স ইনস্টিটিউট। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নানাভাবে সহায়তা করে প্রতিষ্ঠানটি। এ ইনস্টিটিউট থেকে প্রতিবছর বিখ্যাত সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণে অধিকতর জ্ঞান অর্জনের জন্য ১ বছরের বৃত্তি পেয়েছেন নির্মাতা গোলাম রাব্বানী।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজিত দ্বিতীয় ফিল্ম ল্যাবে অংশগ্রহণকারী তিনজনকে এ বৃত্তি দেয়া হয়েছে। অন্য দুজনের মধ্যে সিংম্যাউ মার্মা চলচ্চিত্র নির্মাণ ও জহিরুল ইসলাম কচি চিত্রনাট্য বিষয়ে বৃত্তি পেয়েছেন।

এ বৃত্তির আওতায় আগামী এক বছর গোলাম রাব্বানী সানডান্স কোলাবের আন্তর্জাতিক ফিল্ম প্রফেশনালদের সাথে যুক্ত থেকে নিজের নতুন প্রজেক্ট ডেভেলপ করবেন এবং কোর্স শেষে সনদপত্র অর্জন করবেন।

গোলাম রাব্বানী বলেন, ‘শিক্ষা বিষয়টাকে আমি নলেজ শেয়ারিং হিসেবে দেখি। নিজেকে সব সময় শূন্য রাখি নতুন কিছু শেখার লোভে। সিনেমা বিষয়ক এ বৃত্তি আমার চলচ্চিত্রের যাত্রাকে আরো সমৃদ্ধ করবে বলে আশা রাখছি।’

সিনেমা নির্মাণ করে এরই মধ্যে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন গোলাম রাব্বানী। তার প্রথম চলচ্চিত্র ছুরত ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল ম্যানশন সম্মাননা পায়। এ ছাড়া ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। সর্বশেষ তার যৌথ নির্মাণে ‘নিশি’ চলচ্চিত্রটি গ্রিন অস্কারখ্যাত এমা অ্যাওয়ার্ড জয় করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো চলচ্চিত্র এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।