রেকর্ডের পর রেকর্ড তৈরির মধ্য দিয়ে শেষ হতে চলেছে অলিম্পিকের আসর। প্যারিসে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক ছিল ২ কোটি ৮৬ লাখ। জমকালো পারফরম্যান্স দিয়ে তাদের মোহিত করে রেখেছিলেন ফিলিপ ক্যাটেরিন ও সেলেন ডিওন। স্মরণীয় সে আয়োজনের পর প্রায় দুই সপ্তাহ ধরে চলেছে ক্রীড়া জগতের সবচেয়ে সম্মানজনক ও আন্তর্জাতিক আসর। আগামীকাল শেষ হতে যাচ্ছে এ দফার মতো। স্বাভাবিকভাবেই দর্শকমন কৌতূহলী হয়ে উঠেছে সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্সে কে কে থাকতে যাচ্ছে, সে তালিকা নিয়ে।
রোববার প্যারিসের সমাপনী উৎসবের সমন্বয়ক হিসেবে থাকবেন বেন উইনস্টন। এর আগে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডস ও সিবিএসের ‘এডেল: ওয়ান নাইট অনলি’ প্রযোজনা করে পরিচিতি লাভ করেছেন। পারফর্ম করবে বিলি আইলিশ, স্নুপ ডগ এবং রেড হট চিলি পেপারস। এছাড়া সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজকে দেখা যেতে পারে স্ট্যান্ট দিতে। যদিও অলিম্পিক কর্তৃপক্ষ সমাপনী অনুষ্ঠানের পারফরমারদের নাম প্রকাশ করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র এমনটাই জানিয়েছে বিনোদন গণমাধ্যম ভ্যারাইটিকে।
অস্ট্রিয়ায় সম্প্রতি সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনা করে লাইভ কনসার্ট স্থগিত করে দেয় টেইলর সুইফট। সে সূত্র ধরে দুশ্চিন্তা রয়েছে স্বাভাবিকভাবেই। ভিয়েনার সতর্কবার্তা কেবল প্যারিস নয়, লস অ্যাঞ্জেলেসকেও সতর্ক করে তুলেছে পরিকল্পনা গোছানোর ক্ষেত্রে।
বিলি আইলিশ, স্নুপ ডগ ও চিলি পেপারসকে দাওয়াত করা অস্বাভাবিক কিছু না। গত দশকের পপ ঘরানার সংগীতে সবচেয়ে বড় ব্যান্ডের একটি বিলি আইলিশ। ২০২১ সালে ব্যান্ডটির ‘হ্যাপিয়ার দ্যান এভার: আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলেস’ মুক্তি পায়। এদিকে স্নুপ ডগ পশ্চিমা র্যাপ ঘরানার জনপ্রিয় মুখগুলোর একটি। প্যারিসে তারা আগেও পারফর্ম করেছেন। আর লস অ্যাঞ্জেলেসভিত্তিক চিলি পেপারস ব্যান্ড আশির দশক থেকেই জনপ্রিয়। ১৯৯৯ সালে তাদের ক্যালিফোর্নিকেশন অনেকটা জাতীয় সংগীতে পরিণত হয়।
এছাড়া দুটি ফরাসি ব্যান্ড ফিনিক্স এবং এয়ারও পারফরম্যান্স নিয়ে হাজির থাকবে বলে নিশ্চিত করা গেছে। দুটি ব্যান্ডেই ফ্রান্সের টাচ মিউজিক ঘরানার গান পরিবেশন করে। ফ্রান্সের জনপ্রিয় সাংস্কৃতিক অনুঘটকে পরিণত হয়েছে নব্বইয়ের দশক থেকেই। এয়ার এখন পর্যন্ত ছয়টি অ্যালবাম ও দুটি ট্র্যাক বের করেছে, যার লাখ কপি বিক্রি হয়েছে। অন্যদিকে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়া ব্যান্ড ফিনিক্স ২০২২ সালে তাদের সপ্তম অ্যালবাম বের করেছে। এদিকে প্যারিসের জমকালো আসর নিয়ে আগ্রহী লস অ্যাঞ্জেলেসও। কারণ ২০২৮ সালের ১৪-৩০ জুলাই অলিম্পিকের আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে।
সূত্র: ভ্যারাইটি









